ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-১২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরীর প্রথম জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবন চত্বরে।
বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের টানেলে জানাজার পর এই মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার আবদুল হামিদের পক্ষ থেকেও এই সাংসদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষে ফুল দেয়া হয় মরহুমের কফিনে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, ডেপুটি স্পিকার শওকত আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কমচারীরা এই জানাজায় অংশ নেন।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
রীতি অনুযায়ী সংসদ ভবণের দক্ষিণ প্লাজায় হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার জন্য আখতারুজ্জামান বাবুর নামাজে জানাজা দক্ষিণ দিকের টানেলের মধ্যে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, “বাবু ভাই শুধু চট্টগ্রামে নয়, পুরো বাংলাদেশে সকলের মাঝে জনপ্রিয় ছিলেন।”
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুতে শুধু আওয়ামী লীগের ক্ষতি হয়নি, পুরো দেশের ক্ষতি হয়েছে।
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী আখতারুজ্জামান চৌধুরী। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।
চট্টগ্রাম থেকে তিন বার সাংসদ নির্বাচিত আক্তারুজ্জামান বাবু পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ১৯৭৭ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
আখতারুজ্জামান বাবু ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্প উদ্যোক্তা। তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন।
আখতারুজ্জামানের মরদেহ মঙ্গলবারই চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। আসরের পর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে আরেকটি জানাজ শেষে তার কফিন নিয়ে যাওয়া হয় পটিয়ায়।
বুধবার পটিয়ার এ জে চৌধুরী কলেজ মাঠ, আনোয়ারা কলেজ মাঠ এবং আনোয়ারা হাইলধর স্কুল মাঠে জানাজার পর গ্রামের বাড়িতে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮০৫ ঘ.
bdnews24