২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপবাদ ৭০ কোটি টাকার হলে সহনীয় হতো’

রেলের অর্থ কেলেঙ্কারির পেছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত রয়েছে দাবি করে এ কথা বলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির পেছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত দাবি করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সত্তর লাখ টাকার অপবাদ না দিয়ে সত্তর কোটি টাকার অপবাদ দিলে তা তার কাছে সহনীয় হতো। শনিবার জাপানের টোকিওতে আকাবানে বিভিও হলে জেল হত্যা দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিতের একান্ত সচিব কামরুল হকের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। সুরঞ্জিত বলেন, “স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীরা আমার বিরূদ্ধে সত্তর লক্ষ টাকার অপবাদ না দিয়ে সত্তর কোটি টাকার অপবাদ দিলে অপবাদটি সহনীয় হতো।” গত ৯ এপ্রিল রাতে ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এ ছাড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে বরখাস্ত করা হয়। ওই ঘটনার পর গণমাধ্যমের খবরে বলা হয়েছিল ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল। ইউসুফ ও এনামুল হক ওই গাড়িতে ছিলেন। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। দুর্নীতি দমন কমিশন ও রেল কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তলব করলেও তিনি হাজির হননি। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ৫ অক্টেবর বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিবেদনে হাজির হন আজম। সেই প্রতিবেদনে আজম দাবি করেন, টাকার গাড়ি সুরঞ্জিতের বাসায় যাচ্ছিল। রেলের নিয়োগ কেলেঙ্কারির বিষয়টিকে ‘স্বাধীনতা বিরোধী চক্রের নিকৃষ্ট পরিকল্পনা’ হিসাবে আখ্যায়িত করে টোকিওর ওই অনুষ্ঠানে সুরঞ্জিত বলেন, “এই নিকৃষ্ট চক্রান্তের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নাই।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টোকিওতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, দূতাবাসের প্রথম সচিব মাসুদুর রহমান, জাপান আওয়ামী লীগের নেতা সামছুল আলম ভূট্টো প্রমুখ। সফর শেষ করে রোববার রাতেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে সুরঞ্জিতের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচএ/এএল/১৯৩২ ঘ.