২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: ‘বাচ্চু রাজাকারের’ বিচার শুরুর আদেশ

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের আটটি ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের আটটি ঘটনায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রোববার আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৪ নভেম্বর দিন রেখেছে। আযাদের পক্ষে তার আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেয়। ট্রাইব্যুানালের প্রসিকিউশন গত ২ সেপ্টেম্বর আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যাতে জোর করে ধর্মান্তরিত করা, দেশত্যাগে বাধ্য করা, লুট, ধর্ষণ, হত্যা, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। এতে বলা হয়, একাত্তরের ২১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী ফরিদপুরে ঢোকে। ওইদিনই তাদের সঙ্গে নিয়ে ফরিদপুরের জগদ্বন্ধু আশ্রমের ৮ পূজারীকে হত্যা করেন আযাদ। পরে খুন করেন কলারন গ্রামের জমিদার সুধাংশু মোহন রায় ও তার ছেলে মনিময় রায়কে। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র আযাদ ছাত্রসংঘের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ মার্চের কালরাতের পর তিনি নিজেই একটি বাহিনী গড়েন, যারা পরে ফরিদপুরের বিভিন্ন স্থানে মানবতাবিরোধী অপরাধ ঘটনায়। গত এপ্রিলে আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। এরপর ট্রাইব্যুনাল গত ৯ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলে। আযাদ পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/জেকে/১৭৫৯ ঘ.