২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগের দুঃসময়ে বন্ধু ছিলেন বাবু ভাই’

প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে চট্টগ্রাম আওয়ামী লীগের অভিভাবক ও দুঃসময়ের বন্ধু হিসাবে উল্লেখ করে দলের নেতাকর্মীরা বলছেন, তার মৃত্যু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে চট্টগ্রাম আওয়ামী লীগের অভিভাবক ও দুঃসময়ের বন্ধু হিসাবে উল্লেখ করে দলের নেতাকর্মীরা বলছেন, তার মৃত্যু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। চট্টগ্রামের আনোয়ারার সাংসদ আখতারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলার সভাপতির দায়িত্বে থাকা বাবু ভাই ছিলেন দলের সৎ ও কর্মনিষ্ঠ একজন নেতা। দলের জন্য উনি অনেক নির্যাতন সহ্য করেছেন, করেছেন কারাবরণ।” মোসলেম উদ্দিন বলেন, ব্যক্তিগত জীবনে আখতারুজ্জামান বাবু দেশের সফল একজন ব্যবসায়ী হলেও তাকে ‘শিল্পপতি’ সম্বোধন করলে মনক্ষুণ্ন হতেন। “তিনি চাইতেন সবাই তাকে রাজনীতিবিদ বলুক। গণ মানুষের হয়ে কাজ করতে বেশি পছন্দ করতেন তিনি।” আখতারুজ্জামান বাবু আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন। এই প্রবীণ নেতার মৃত্যুর খবর পৌঁছালে সকালে চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া। ১৯৭৭ সাল থেকেই তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, যোগাযোগমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে। আখতারুজ্জামানকে আওয়ামী লীগের ‘দুঃসময়ের বন্ধু’ উল্লেখ করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু বলেন, সব আন্দোলন সংগ্রামে তিনি দলের পাশে থেকেছেন। “তার মৃত্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে, তা বর্তমান নেতৃবৃন্দের জীবদ্দশায় পূরণ করা যাবে না।” চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, ৭১ থেকে বাংলাদেশের সব আন্দোলনের রাজপথে অগ্রভাগে ছিলেন আখতারুজ্জামান বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/আরএ/জেকে/১৩৫৫ ঘ.