আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের ‘শর্ত মেনে’ ছুটিতে যাওয়ার পর পুনরায় কাজে যোগ দেয়া নিয়ে সমালোচনার মধ্যে মসিউর রহমান বলেছেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।
পদ্মা সেতু প্রকল্প নিয়ে চাপের মুখে থাকা প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটি শেষে কাজ যোগ দিয়েছি। কাল (রোববার) দুদকে যাব। দেশে ফিরে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে বলবেন সেই মোতাবেক কাজ করব।”
পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে জিজ্ঞাসাবাদের মসিউর রহমানকে ৬ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে হাজির হকে বলা হয়েছিল। তবে মসিউর রহমান ৪ নভেম্বর যাবেন বলে দুদককে জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভিয়েতনাম রয়েছেন। আগামী ৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজরের কাজে যোগ দেয়ায় বিশ্ব ব্যাংকের শর্ত ভঙ্গ হওয়ায় বহুজাতিক সংস্থাটি অসন্তোষ প্রকাশ করেছে বলে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় তাদের সিদ্ধান্ত বদলায়।
তবে বেশ কয়েকটির সঙ্গে মসিউরকে ছুটিতে পাঠানোর শর্তও দিয়েছিল বিশ্ব ব্যাংক। গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকাণ্ড থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে।
মসিউর জানান, এক মাসের ছুটি শেষে তিনি ১ নভেম্বর কাজে যোগ দিয়েছেন।
তবে মসিউরের এক মাস ছুটিতে থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে শুরু থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তাকে এক মাসের ছুটিতে পাঠানো হয় বলে সংবাদ মাধ্যমে যে কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে তা-ও অস্বীকার করা হয়নি।
এই ছুটির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হলেও মন্ত্রিসভা কমিটিসহ সরকারের কয়েকটি কমিটির বৈঠকে তিনি যাননি।
পদ্মা প্রকল্প নিয়ে বিরোধী দল মসিউরের পদত্যাগের দাবিও তোলে। তবে গত ১২ সেপ্টেম্বর এই উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।”
এর আগে গত ২৬ অগাস্ট তিনি বলেছিলেন, “যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব।”
এরপর গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মসিউর রহমান ছুটিতে গেলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথ সুগম হবে।
১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার পরই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়।
শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দুটি টেলিভিশনের পক্ষ থেকে কাজে যোগ দেয়ার বিষয়ে বক্তব্য জানতে মসিউরের মিন্টো রোডের সরকারি বাসায় গেলে তিনি দেখা দেননি।
তিন রিপোর্টারের ভিজিটিং কার্ড দেয়া হলে- কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কার্ড তিনটি নিয়ে বাসার ভেতরে যান। তিনি ফিরে এসে বলেন, “স্যার (মসিউর) বলেছেন, ৫ তারিখের আগে তিনি মিডিয়ায় কোনো কথা বলবেন না।”
পরে অবশ্য টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন সাবেক এই সচিব।
পদ্মা প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্তে কার্যরত দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে মসিউরকে তলব করেছে। আগামী ৪ নভেম্বর দুদক কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন।
এদিকে মসিউরের বাড়ির কাছেই নিজের সরকারি বাড়িতে শনিবার চার সচিবের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই বৈঠকের আলোচনার বিষয় পদ্মা সেতু প্রকল্প ছিল বলে অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।
বৈঠকে অর্থসচিব ফজলে করিম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) ইকবাল মাহমুদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব গোলাম হোসেন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারি উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে ১২টার দিকে। বৈঠক শেষে চার সচিব এক গাড়িতে অর্থমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে যান। তবে তারা সাংবাদিকদের কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24