ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য মীর কাসেম আলীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা।
কারাগারে থাকা মীর কাসেমকে শনিবার সকালে ধানমন্ডির সেফ হোমে নেয়া হয় বলে তার আইনজীবী জসিম উদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মীর কাসেমকে জিজ্ঞাসাবাদ করেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এর আগে গত মাসেও তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ দিয়েছে সরকার। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহৃত এই বাড়িটিকে ‘সেফ হোম’ বলা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পরপরই গত ১৭ জুন মীর কাশেমকে গ্রেপ্তার করা হয়। তাকে ওই দিনই কারাগারে পাঠানো হয়।
মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে তার হুকুমেই একাত্তরে চট্টগ্রামে বহু লোককে রাজাকার ক্যাম্পে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়।
মীর কাসিম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।
মীর কাসেম জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।
মীর কাসেমকে গ্রেপ্তারের আবেদনে ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, মীর কাসেম একাত্তরে জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন। আলবদর বাহিনী গঠন করে তিনি ওই বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান হন। এই বাহিনী চট্টগ্রামের মহামায়া ভবনকে ডালিম হোটেলে রূপান্তর করে নির্যাতন ক্যাম্প স্থাপন করে।
“এই ডালিম হোটেলেই চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সংখ্যালঘু নিরস্ত্র মানুষকে ধরে এনে নির্যাতন করে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেওয়া হত,” বলেন চট্টগ্রামের প্রবীণ এই আইনজীবী।
একাত্তরের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মীর কাসেম আলীর নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে বলেও জানান রানা দাশগুপ্ত।
মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের দায়িত্ব নেন।
মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এই দেশের যে সব বুদ্ধিজীবীকে হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মীর কাসেম পালিয়ে সৌদি আরবে চলে যান। আবার দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৪৩ ঘ.
bdnews24