টাঙ্গাঈল, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে রির্টানিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার প্রতীক বরাদ্দ করেন। এর পরপরই প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেন প্রার্থীরা।
তিন প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম লেবু নৌকা এবং জাতীয় পার্টির (এরশাদ) সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিন লাঙ্গল প্রতীক পেয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানা লড়বেন আনারস প্রতীক নিয়ে।
আগামী ১৮ নভেম্বর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে।
অন্যদের মধ্যে সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন।
গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিউর রহমান মারা যওয়ায় এ সংসদীয় আসনটি শূন্য হয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নিবাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৫০২ ঘ.
bdnews24