ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত চার দলীয় জোট সরকার জাতীয় চার নেতা হত্যা মামলা এগিয়ে না নিয়ে বরং আলামত নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
জেল হত্যা দিবস সামনে রেখে বৃহস্পতিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে তিনি বলেন, “তারা ২০০১ থেকে ২০০৭ সালে চার নেতা হত্যা মামলার বিচারে কোনো তো আগ্রহ দেখায়ইনি, বরং এই মামলার অনেক আলামত নষ্ট করেছে।”
নতুন করে আলমত সংগ্রহ করতে বর্তমান সরকারের সময় লেগেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সব উপাত্ত সংগ্রহ করে অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের। তবে বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর খালাস পান।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। রায়ে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসার।
সরকার হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করলে ২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ তা মঞ্জুর করে।
আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাইকোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেয় আদালত।
ওই আদেশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হলেও তা দেয়া হয় এক বছর আট মাস পর।
সংক্ষিপ্তসার পাওয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার বলেন, “আগামী ৪ নভেম্বর আমরা শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করব। এর মধ্যে সংক্ষিপ্তসারটি আদালতে জমা দেয়া হবে।”
বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “যারা বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করেছে- তারা জাতীয় শত্রু, জাতীয় বেঈমান ও জাতীয় বিশ্বাসঘাতক। তারা খন্দকার মোশতাক আহমেদের মতো বিশ্বাসঘাতকের অনুসারী।”
“আমাদের দুঃখ হয় এ কথা ভেবে যে, মঈনুল হোসেনের মতো ব্যারিস্টারও বলে বেড়ায়- দেশের রাজনীতি সৎ হওয়া উচিৎ। তথাকথিত এ ধরনের ব্যক্তিরাই বলে বেড়ায়, বঙ্গবন্ধু হত্যার বিচার করা নাকি ওই সময়ের সরকারের জন্য জরুরি বিষয় ছিল না”, যোগ করেন তিনি।
গণফোরাম নেতা কামাল হোসেন ও বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী জাতীয় ঐক্যের ডাক দিয়ে ‘গণতন্ত্রের নামে’ আসলে তৃতীয় শক্তিকে আনার পথ খুলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২১৩ ঘ.
bdnews24