২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে একহাত নিলেন আশরাফ

বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠন করতে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপের কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 07:53 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিকদের সংগঠন করতে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপের কড়া সমালোচনা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। 

নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের বিষয়ে পরামর্শ দিতে আসার আগে ‘তার’ উচিৎ নিজের দেশে পূর্ণাঙ্গভাবে ট্রেড ইউনিয়ন চালু করা।

“ট্রেড ইউনিয়ন করার অধিকার আমাদের সংবিধানে দেওয়া আছে। এটা নিয়ে একটি শক্তিশালী দেশের রাষ্ট্রদূত লম্ফঝম্ফ করেন। তার দেশের ৫২টি স্টেটের মধ্যে ২৬টি স্টেটে ট্রেড ইউনিয়নের অধিকার নেই। আমেরিকার অন্যতম ইন্ড্রাস্ট্রিয়াল স্টেট মিশিগানে আজ ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করতে যাচ্ছে তারা।”

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত প্রদর্শনী বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন ক্ষমতাসীন দলের মুখপাত্র।

বাংলাদেশের সব কল-কারখানায় শ্রমিকদের ট্রেন ইউনিয়ন করতে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সব সময়ই উচ্চকণ্ঠ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা একাধিকবার বলেছেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতে ট্রেড ইউনিয়ন না থাকায় যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে। এতে ক্রেতারা বাংলাদেশের পোশাক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।

সৈয়দ আশরাফ বলেন, “আপনাদের দেশে ট্রেড ইউনিয়ন নাই। আর, আমাদের দেশে এসে লম্ফঝম্ফ করেন। আগে, আপনাদের দেশে করেন। তারপর, আমাদের দেশে এসে কথা বলেন।”

অবশ্য একই অনুষ্ঠানে নৌ মন্ত্রী শাজাহান খান বলেন, “তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন চালু হলে তাতে উৎপাদনশীলতা বাড়বে।”

সম্প্রতি আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে আশরাফ বলেন, সেখানে মধ্যম সারির কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি।

শ্রমিকদের উদ্দেশ্যে আশরাফ বলেন, “আমি জানি আপনাদের ইন্ড্রাটিজে আগুন নেভানোর সকল সুবিধা আছে। আপনারা তার ব্যবহার করেন।”

বিশেষ অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শ্রমিকদের উন্নয়নে আরো যত্নবান হতে তৈরি পোশাক ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

বিজিএমইএয়ের সভাপতি মো. শফিউল ইসলাম অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, “এই খাতের জন্য আমরা যখনই প্রধানমন্ত্রীর কাছে গেছি- কখনো অ্যাপয়েনমেন্টের দরকার হয়নি।”

প্রধানমন্ত্রীর উদ্দেশে এই ব্যবসায়ী নেতা বলেন, “কয়লাভিত্তিক বিদ্যুতের বিরুদ্ধে অনেক মোহাম্মদ-আহম্মদ বক্তব্য দেবেন। আপনি তাদের কথা না শুনে সিদ্ধান্ত নিন। তারা শুধু বক্তব্য দিতে পারবেন। কিন্তু একজন লোককেও চাকরি দিতে পারবেন না,”
ব্যবসাকে স্থিতিশীল করতে সুদের হার এক অংকে নামিয়ে আনার পদক্ষেপ নিতেও প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।

শফিউল বলেন, “বিশ্ব ব্যাংকের প্রেসকিপশনে যে দেশ চলে- সে দেশ কখনো উন্নতি করেনি। আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে।”

সংগঠনটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কথা উল্লেখ করে বলেন, ঢাকার বাইরের কারখানায় দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

ব্যাংক সুদের হার কমানো এবং শহরের বাইরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রী জি এম কাদের এবং বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।

সম্প্রতি আশুলিয়ার তাজরিন গার্মেস্টসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহতের ঘটনায় অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।