বিএনপি নেতা হীরু আটক
হরতালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হীরুকে আটক করেছে পুলিশ।
হরতালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হীরুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে হীরু দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে কয়েকজন পুলিশ তাকে আটক করে এবং সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায়।
এ সময় কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে কলাপসিবল গেটে দাঁড়িয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, “পুলিশ একদিকে বলছে, বিএনপি কার্যালয় অবরুদ্ধ নয়। অন্যদিকে আমাদের নির্বাহী কমিটির সদস্য হীরু প্রবেশ করার সময়ে তাকে আটক করে নিয়ে গেলো পুলিশ। এ হচ্ছে সরকারের দ্বৈতনীতি।”
“মুখে এরকম কথা, কাজে উল্টো”, যোগ করেন তিনি।
তিনি অবিলম্বে জামাল হীরুর মুক্তি দাবি করেন।
হিরুকে আটকের কিছুক্ষণ পর কার্যালয়ের সামনে থেকে বিএনপির চার কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহবুব।
এর কিছুক্ষণ পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর রফিকুল ইসলাম মিয়ার ব্যাক্তিগত সহকারী রনিকেও আটক করে নিয়ে যায় পুলিশ।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথ অবরোধে ‘বাধার’ প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
ফারুক অভিযোগ করেন, “সারাদেশে পুলিশ ও সরকারের পেটুয়া বাহিনী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আমরা কোনো পিকেটিং করছি না, তারপরও পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে।”
হরতালের আগের দিন থেকেই পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। নেতা-কর্মীরা কার্যালয় ভবনের প্রধান ফটকের ভেতরে অবস্থান করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সোমবার সন্ধ্যায় এই কার্যালয়ের সামনে থেকেই গ্রেপ্তার করে পুলিশ। তাকে অবরোধের সময় গাড়ি ভাংচুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরএইচ/আরএ/১৩০০ ঘ.
