মির্জা ফখরুল গ্রেপ্তার
অবরোধে সংঘাতের মামলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবরোধে সংঘাতের মামলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে মামলা দায়েরের পর সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
ফখরুলকে তুলে নেয়ার সময় তার সঙ্গে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন। কিন্তু পুলিশ তাদের কিছু বলেনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সন্ধ্যার পর সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের বৈঠক রয়েছে, তাতে অংশ নিতে ফখরুল দলীয় কার্যালয় থেকে নেমে রওনা হচ্ছিলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সুমন মাহমুদ বলেন, “মির্জা ফখরুল নামার পর তাকে ঘিরে ফেলে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে তিনি বলেন, টাচ (স্পর্শ) করবেন না। কথা কাটাকাটির মধ্যে তাকে তুলে নেয়া হয় পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে। এরপর দ্রুত তা এলাকা ত্যাগ করে।”
ফখরুলকে গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা এবং যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান দলের মুখপাত্রকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, ফখরুলকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
রোববার সহিংস অবরোধের পর মঙ্গলবারের হরতালের আগের দিন গ্রেপ্তার হলেন ফখরুল।
১৮ দলের অবরোধের সময় ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে রোববার রাতে ফখরুলের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা হয় ।
মো. আয়নাল নামে সিটি কর্পোরেশনের এক গাড়িচালক মামলাটি দায়ের করেন। এতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার প্রতিক্রিয়ায় দুপুরে ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, “মামলা-হামলা করে নির্দলীয় সরকারের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপিকে দমানো যাবে না।”
চলতি বছরের প্রথম ভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল ফখরুলকে। ওই মামলায় কিছু দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান তিনি।
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার অবরোধের সময় রাজধানীসহ সারাদেশে ব্যাপক সংখ্যক গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ হয়।
অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তথ্য। তাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
