২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা দিলে রাজপথকে ঠিকানা করব: মওদুদ

অবরোধ কর্মসূচিতে সরকার বাধা দিলে রাজপথ থেকে আর না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 11:39 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

অবরোধ কর্মসূচিতে সরকার বাধা দিলে রাজপথ থেকে আর না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

১৮ দলের রোববারের কর্মসূচিতে বাধার আশঙ্কা প্রকাশ করে শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

মওদুদ বলেন, “সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, সরকার আমাদের রাজপথ অবরোধের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহত করবে।

“এর জবাবে বলতে চাই, যদি এই কর্মসূচি প্রতিহত করা হয়, এবার নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবে না। উপযুক্ত জবাব দেয়া হবে।”

নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এই কর্মসূচি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য দাবি করে তা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনো সময় আছে, এই দাবি মেনে নিন। বাধা দিলে সরকার পতন আন্দোলন শুরু হবে।”

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ বিষয়ে মওদুদ বলেন, “বর্তমান দুর্নীতি দমন কমিশন সরকারের এজেন্ট। তারা দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করছে। এই কমিশন থাকলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন পাওয়া সম্ভব হবে না।”

গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, এনডিপি নেতা খন্দকার গোলাম মূর্তজা, যুবদল নেতা আবদুস সালাম আজাদ প্রমুখ।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরামের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া রোববারের অবরোধ কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মিয়া আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।