২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে লাল কার্ড দেখালো কাপাসিয়া: ফখরুল

গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে ভোটারদের কম উপস্থিতিকে জনগণের নির্বাচন বর্জন হিসেবে দেখছে বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচন জনগণ বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে এক বিক্ষোভ সমাবেশে উপনির্বাচনে ভোটারদের কম উপস্থিতির কথা উল্লেখ করে ফখরুল বলেন, “এই নির্বাচনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনকে জনগণকে বর্জন করেছে। ভোটার উপস্থিতি দেখে মনে হচ্ছে, শতকরা ২০/২৫ ভাগ ভোট পড়েছে। এর মাধ্যমে জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।” সরকারের সাজানো ও পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যায়নি বলেই সেখানে ভোটারের উপস্থিতি কম হয়েছে বলে দাবি করেন তিনি। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাপাসিয়া উপনির্বাচনে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে তার বড় বোন সিমিন হোসেন রিমি প্রার্থী হয়েছেন। রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটাররা আগ্রহ হারিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও রাজবন্দিদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কাপাসিয়াতে আরেকটি পাতানো ও সাজানো নির্বাচন হয়ে গেছে। আমরা এই নির্বাচন বর্জন করেছি যে কারণে, আজ ভোটারের উপস্থিতি দেখে তা প্রমাণ হয়ে গেছে। দেশের জনগন এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন চায় না।” “কাপাসিয়ার ভোটগ্রহণ শেষে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন সাহেব সংবাদ সম্মেলন করে ওই নির্বাচন প্রত্যাখান করেছেন। তিনি বলেছেন, সরকারের সাজানো নির্বাচন প্রহসনের পরিণত হয়েছে।” অবিলম্বে বিরোধী দলের ওপর দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজবন্দির মুক্তির দাবিও জানান ফখরুল। নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সরকার স্বপ্ন দেখছে, আরেকটি সাজানো নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করবে। কিন্তু দেশের জনগন তা কখনও হতে দেবে না। সরকারকে বলব, এখনো সময় আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করুন।” জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সেখানে গিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন।” মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর নেতা নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯২৪ ঘ.