ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সরকারের উদ্যোগের বিরোধিতা করে তা বন্ধের দাবি জানিয়েছে বিএনপি।
নীতিমালার মাধ্যমে সরকার অনলাইন সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে অভিযোগ তুলে এই দাবি জানানো হয়।
কমিউনিটি রেডিওর নীতিমালাকে ভিত্তি ধরে ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা’ প্রণয়নের উদ্যোগের কথা সম্প্রতি জানান তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
এরপর ‘নিউজ পোর্টাল’ সহায়ক নীতিমালা প্রণয়নে প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামকে আহ্বায়ক করে গত সপ্তাহে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।
তবে কমিটি গঠনের আগেই কমিউনিটি রেডিওর নীতিমালা ধরে তৈরি একটি খসড়া প্রকাশ পেলে তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ওঠে।
ওই খসড়ার নানা অসঙ্গতি তুলে ধরে শনিবার সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের তথ্যপ্রযুক্তি জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ফখরুল বলেন, “এই নীতিমালা গণতন্ত্রের বহু মৌলিক চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই আইনের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা, উপার্জনের পথ ও সৃজনশীলতাকে রুদ্ধ করতে চায়।
“আমরা মনে করি, এই নীতিমালা একটি তলোয়ার যেটা যখন-তখন যাকে ইচ্ছা তার গলা কাটতে ব্যবহার করা হবে। আওয়ামী লীগের যে ঐতিহ্য, তাতে বলা যায়, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, তাদের থামানোর জন্যই এই নীতিমালা।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমাদের আশঙ্কা হয়, যারা এটি প্রণয়ন করেছেন তারা আদৌ ইন্টারনেট বিবর্তন ও প্রসার বিষয়ে সামান্যতম ধারণা রাখেন কি না ?”
অনলাইন গণমাধ্যম বলতে কী বোঝায় সে সম্পর্কে কোনো ধারণা না দিয়েই ‘নীতিমালা’ তৈরি হয়েছে দাবি করে তিনি এই প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট ও এর ফেইসবুক পাতাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তিনি বলেন, “ধরা যাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা, যারা মূলত একটি নিউজ আউটলেট। তারা তাদের বিভিন্ন খবর ও মতামত তাদের ফেইসবুক পেইজে পোস্ট করে থাকে। ফেইসবুকের এই পেইজটাকে কি সোশ্যাল মিডিয়া থাকবে, না সরকারি হিসাবে ‘গণমাধ্যম’ হয়ে যাবে।”
ব্লগের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট নয় দাবি করে ফখরুল বলেন, “ব্লগ বিষয়ে অবস্থান কী হবে? সামহোয়ার ইন ব্লগ, সচলায়তনের মতো ব্লগ কি তখন গণমাধ্যমরূপে স্বীকৃত হবে?
“প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্লগ রয়েছে। এসব ব্লগ কি ওই নীতিমালার আওতায় থাকবে। কীসের ভিত্তিতে প্রথম আলো ব্লগ ও আলাল-দুলাল ব্লগকে আলাদা করা হবে,” প্রশ্ন রাখেন বিরোধী দলের নেতা।
গণমাধ্যম প্রতিষ্ঠাকারীকে জামানত ও লাইসেন্স ফি দেয়ার শর্তের বিষয়ে তিনি বলেন, “এই আইন মানলে ফেইসবুকের মতো সোশ্যাল মিডিয়া আদৌ প্রতিষ্ঠিত হতো কিনা কে জানে।
“চারুকলা ইনস্টিটিউট ও বুয়েটের কোনো গাছতলায় বসে যে তরুণ এই স্বপ্ন দেখছে যে, এ দেশের অনলাইন মিডিয়াকে বদলে দেবে আগামীতে। এই নীতিমালার মাধ্যমে তাদের সেই সৃজনস্পৃহাকে ধ্বংস করা হবে।”
লাইসেন্স বাতিলের ধারার সমালোচনা করে ফখরুল বলেন, “নীতিমালার ৯ এর উপধারার বলা হয়েছে, অনলাইন গণমাধ্যমের লাইসেন্স বাতিল হবে- ‘সরকারের অন্য কোনো নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে’ অর্থাৎ এই নীতিমালার বাইরের আদেশও পত্রিকাকে মানতে হবে।
“কী ভয়ঙ্কর এক বিধি! সরকার যদি বলে সোনালী ব্যাংকের কেলেঙ্কারির কথা প্রকাশ করা যাবে না। সেই আদেশ না মানা ছাড়া কোনো উপায় থাকবে না অনলাইন গণমাধ্যমের।
“এমন স্বৈরাচারী চিন্তা যাদের, তারা নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করতে পারে না,” সরকারের সমালোচনা করে বলেন বিএনপি নেতা।
অনলাইন গণমাধ্যমে অন্য বিদেশি গণমাধ্যম লিংক করা যাবে না বলে প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “লন্ডনের গার্ডিয়ান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা প্রতিদিন বিদেশি সংবাদ লিঙ্ক করছে। অথচ অতি সাধারণ এই কাজটা বাংলাদেশে করা যাবে না।”
‘নীতিমালার’ ১৭ নম্বর ধারায় ১৩ কর্মকর্তার সমন্বয়ে জাতীয় রেগুলেটরি কমিটির গঠনের প্রস্তাবের বিষয়ে ফখরুল বলেন, “ওই কমিটিতে একজনও আইটি বিশেষজ্ঞও নেই। তাহলে কেন এই নীতিমালা?”
অনলাইন গণমাধ্যম একটি নীতিমালার আওতায় আনতে সরকার আগামী অক্টোবরের মধ্যে এর খসড়া চূড়ান্ত করবে জানিয়ে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গত ১২ সেপ্টেম্বর বলেছিলেন, “আমরা নীতিমালার মাধ্যমে অনলাইন গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত করতে চাই না, বরং বিকাশে সহায়তা করতে চাই।”
তবে মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি- এই নীতিমালায় এমন সব কঠিন শর্তের জাল, যা কারো পক্ষেই মেনে চলা সম্ভবপর না। আবার এই নীতিমালার পরিধি (স্কোপ) এতই বড় যে সরকারের পক্ষেও সম্ভব নয় এর আলোকে সবাইকে সমানভাবে তদারকি করা।”
তিনি বলেন, “তরুণ প্রজন্মের সহানুভূতি আদায়ে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ বলে মুখে ফেনা তুলে ফেলছিল, এই খসড়া আইন প্রমাণ করে তারা তরুণ প্রজন্মের সঙ্গে প্রতারণা করেছে।”
“আমরা এই নীতিমালার সম্পূর্ণ বিরুদ্ধে। এই বিরুদ্ধাচারণে বিএনপি অনলাইন গণমাধ্যমের পাশে থাকবে,” ঘোষণা দেন বিএনপির মুখপাত্র।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নিরব, নুরে আরা সাফা, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৮ ঘ.
bdnews24