২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জালালের খুনি যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তি হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের খুনি যেই হোক এবং এর পেছনে মদতদাতা যেই থাকুক প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের খুনি যেই হোক এবং এর পেছনে মদতদাতা যেই থাকুক প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মন্ত্রী বৃহস্পতিবার বিকালে জালাল তালুকদারের দুর্গাপুরের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, “জালাল তালুকদার ছিলেন অবিসংবাদিত নেতা। তার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়।” আওয়ামী লীগের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা জালাল তালুকদার গত মঙ্গলবার নিজের পিস্তলের গুলিতে নিজের বাড়িতে মারা যান, যাকে ‘রহস্যজনক’ বলছে তার দল। তার ছেলে কুতুবউদ্দিন তালুকদার রুয়েল প্রথম থেকেই এ ঘটনাকে হত্যাকা- দাবি করে আসছেন। ওই ঘটনায় বুধবার রাতে দুর্গাপুর থানায় কুতুব তার সৎ মা আয়েশা বেগম ও আয়েশার প্রথম স্বামীর সন্তান মাসুদকে (৩৮) আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মহীউদ্দীন খান আলমগীর পূর্বনির্ধারিত সফরসূচির তিন ঘন্টা আগে বিকাল সাড়ে চারটার দিকে জালাল তালুকদারের বাসভবনে যান। প্রথমেই তিনি আওয়ামী লীগের সাবেক এই সাংসদের কবরে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে মন্ত্রী প্রয়াতের বাসভবনে যান এবং তার ছেলে কুতুবউদ্দিন রুয়েল, মেয়ে ঝুমা আক্তারসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় বাইরে জড়ো হওয়া জালাল তালুকদারের সহস্রাধিক সমর্থক তার ‘খুনিদের’ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। স্বরাষ্ট্রমন্ত্রী জালাল তালুকদারের বাসভবনে প্রায় পৌনে এক ঘন্টা অবস্থান করেন। এসময় নেত্রকোনা- ৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান, নেত্রকোনার জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে তিনি বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী পরিদর্শনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৩৫ ঘ.