ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলাসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
মাওলাকে ‘গুমের’ অভিযোগ ওঠার পরদিন মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মাসুদুর রহমান মঙ্গলবার এই হিজবুত নেতাসহ মাকসুদুর রহমান নামের আরেক যুবককে মহানগর হাকিম আদালতে হাজির করেন।
তাদের ঢাকার কূটনীতিক পাড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করেন মাসুদ।
শুনানি শেষে মহানগর হাকিম মো. মুনিরুজ্জামান দুজনের পাঁচ দিন করে হেফাজত মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
হিযবুত নেতা মাওলার স্ত্রী শাহীদা আহমেদ সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বলেন, তার স্বামীকে গুম করা হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
তিনি বলেন, “ড. মাওলা জামিন পাওয়ার পর গত বুধবার বিকালে তার জামিনদার লতিফ আহমেদ কাশিমপুর কারাগারে গিয়ে জেলার আবুল বাশারকে প্রয়োজনীয় কাগজপত্র দেখান। কিন্তু মাওলাকে জামিনদারের হাতে তুলে না দিয়ে জেলার ডিবি পুলিশ পরিচয়ধারী কতিপয় ব্যক্তির হাতে তুলে দেন।
“এভাবে বেআইনিভাবে জেলগেট থেকে আটক করে নিয়ে যাওয়ার পর আজ পর্যন্ত তার কোনো হদিস নেই। গত চারদিনে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আমাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কিছু জানানো হয়নি। তাকে সম্পূর্ণ গুম করে রাখা হয়েছে,” বলেন শাহীদা।
তার সংবাদ সম্মেলনের পর রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নাশকতার পরিকল্পনার অভিযোগে মাওলাকে গ্রেপ্তার করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী উপ কমিশনার (মিডিয়া) গাজী রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় মাকসুদুর রহমান নামের এক হিযবুত সদস্যকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকালে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলাকে।
রবিউল ইসলাম বলেন, “মাকসুদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দূতাবাসের সামনে বিক্ষোভ পরিকল্পনার পেছনে মূল ব্যক্তি ছিলেন গোলাম মাওলা।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক গোলাম মাওলা ধানমণ্ডি এলাকার সৈয়দ তাজুল ইসলামের ছেলে। ২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামান সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
একই বছরের ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলাকে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
গোলাম মাওলাকে গত ২৩ জুলাই ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। এ জামিন আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনও গত বুধবার খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি।
নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়।
‘উগ্র ধর্মীয়’ মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্থান, কিরগিজস্থানসহ বিভিন্ন দেশে হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেটি/জেকে/১৭১৩ ঘ.
bdnews24