ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সাবেক ডিএমপি কমিশনার মিজানুর রহমানকে জেরা শেষ করেছেন জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
আগামী ৩০ সেপ্টেম্বর এ মামলায় অপর আসামিদের পক্ষে তাদেও আইনজীবীরা মিজানুর রহমানকে জেরা করবেন।
গত ১৭ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে মিজানুর রহমানের জেরা শেষ করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
সোমবার পুুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারসংলগ্ন বিশেষ এজলাসে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নুর উদ্দিন এই জেরা গ্রহণ করে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের অন্যতম বিশেষ আইনজীবী আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পিন্টুর আইনজীবীর এই জেরা চলে।
গত ৯ সেপ্টেম্বর আসামি বাবরের পক্ষে সাবেক ডিএমপি কমিশনারকে জেরা শুরু করেন তার আইনজীবীরা। ওইদিন জেরার পর গত ১৬ সেপ্টেম্বরও তার পক্ষে জেরা অব্যাহত থাকে।
এই আসামির পক্ষে প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জেরা করেন। তারপর আইনজীবী মাহবুবুর রহমান জেরা শুরু করেন।
এ সময় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
অন্যদিকে জামিনে থাকা আসামি সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন।
গত ৬ অগাস্ট এই সাক্ষীর জবানবন্দি গ্রহণের পর ১২ অগাস্ট থেকে তাকে জেরা শুরু করেন আইনজীবীরা।
জেরার প্রথম দিন বিএপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ পলাতক ৭ জনের পক্ষে জেরা না করে বিরত থাকেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এরপর সাবেক আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হকের পক্ষে ১২ অগাস্ট এবং ২, ৩ ও ৯ সেপ্টেম্বর জেরার পর বাবরের পক্ষে জেরা শুরু হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে।
কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এরপর বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দের অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ আরো ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৮৩১ ঘ.
bdnews24