২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদ এস্কান্দারের মৃত্যুতে মঙ্গলবার বিএনপির শোক

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ভাই ও সাবেক সংসদ সদস্য সাঈদ এস্কান্দারের মৃত্যুতে মঙ্গলবার সারাদেশে শোক দিবস ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ভাই ও সাবেক সংসদ সদস্য সাঈদ এস্কান্দারের মৃত্যুতে মঙ্গলবার সারাদেশে শোক দিবস ঘোষণা করেছে বিএনপি। সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাঈদ এস্কান্দারের মৃত্যুতে মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি হবে। এছাড়া দলের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিএনপি নেতা-কর্মীরা শোকের প্রতীক হিসাবে কালো ব্যাজ ধারণ করবেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সাঈদ রোববার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি ফেনী জেলা বিএনপির সভাপতিও ছিলেন। শোকদিবস উপলক্ষে মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে খালেদা জিয়ার নির্ধারিত মতবিনিময় এবং সকালে দলের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৮ জোটের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে সোমবারের বিক্ষোভ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সারাদেশে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে ‘যথাযোগ্য মর্যাদায়’ শোক দিবস পালন করার অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। সাঈদ এস্কান্দারের মৃত্যুতে ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও চট্টগ্রামের নেতারা আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৫৫ ঘ.