২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মাওলা গুম, অভিযোগ স্ত্রীর

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 08:32 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ গোলাম মাওলাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। সোমবার গোলাম মাওলার আইনজীবী মনসুর হাবীবের চেম্বারে সংবাদ সম্মেলন করে এই হিজবুত নেতার স্ত্রী শাহীদা আহমেদ বলেন, তার স্বামীকে কোথাও খুঁজে পওয়া যাচ্ছে না। পুলিশও তার কোনো হদিস দিতে পারেনি। শাহীদা বলেন, ড. মাওলা জামিন পাওয়ার পর গত বুধবার বিকালে তার জামিনদার লতিফ আহমেদ কাশিমপুর কারাগারে গিয়ে জেলার আবুল বাশারকে প্রয়োজনীয় কাগজপত্র দেখান। কিন্তু মাওলাকে জামিনদারের হাতে তুলে না দিয়ে জেলার ডিবি পুলিশ পরিচয়ধারী কতিপয় ব্যক্তির হাতে তুলে দেন। “এভাবে বেআইনিভাবে জেলগেট থেকে আটক করে নিয়ে যাওয়ার পর আজ পর্যন্ত তার কোনো হদিস নেই। গত চারদিনে তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। আমাদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কিছু জানানো হয়নি। তাকে সম্পূর্ণ গুম করে রাখা হয়েছে।” গত বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গোলাম মাওলাকে গ্রেপ্তারের কথা ‘স্বীকার’ করেছিল বলেও দাবি করেন তার স্ত্রী। “আমার অসহায় চার কন্যাসহ পুরো পরিবার নিশ্চিত নই যে, তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন। এর চেয়ে কাশিমপুর কারাগারে বিনা বিচারে আটক থাকাই ভালো ছিল।” স্বামীর মুক্তির জন্য জাতীয় মানবাধিকার কমিশনসহ সব জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি। শাহীদা আহমেদের এ অভিযোগের বিষয়ে জানিয়ে গোলাম মাওলার হদিস জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাও তাকে খুঁজছি।” গোলাম মাওলা ধানমণ্ডি এলাকার সৈয়দ তাজুল ইসলামের ছেলে। ২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তারুজ্জামান সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলাকে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গোলাম মাওলাকে গত ২৩ জুলাই ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। এ জামিন আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের করা একটি আবেদনও গত বুধবার খারিজ করে দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি। এর আগে ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে গোলাম মাওলাসহ হিযবুত তাহরীরের ১০ জনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি মুক্তি পান। নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়। ‘উগ্র ধর্মীয়’ মতবাদের কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, জার্মানি, রাশিয়া, কাজাখস্থান, কিরগিজস্থানসহ বিভিন্ন দেশে হিজবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এলএইচ/জেকে/১৪১৫ ঘ.