২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্য ফর্মুলা নয়, চাই তত্ত্বাবধায়কই’

“তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার পালানোর পথ পাবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সুমন মাহমুদ দিনাজপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকালীন নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো পন্থা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। রোববার দিনাজপুরের জনসভায় তিনি বলেছেন, “কোনো ফর্মুলায় কাজ হবে না। দলীয় নয়, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।” “তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করব, সরকার পালানোর পথ পাবে না,” একইসঙ্গে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসন। সংবিধানের পঞ্চদশ সংশোধনের কারণে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচনকালে সরকার অর্ন্তর্বতী সরকারের দায়িত্ব পালন করবে বলে সরকারি দলের নেতারা বলে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বলেছেন, নির্বাচনের সময় মন্ত্রিসভা ছোটও হতে পারে। নির্বাচনকালে মন্ত্রিসভায় বিরোধী দলকে স্থান দেয়ার কথাও ইতোপূর্বে বলেছেন প্রধানমন্ত্রী। তবে দিনাজপুরে জনসভায় প্রধানমন্ত্রীর প্রস্তাব স্পষ্টতওই প্রত্যাখ্যান করলেন বিরোধী নেতা। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে জনমত গঠনে দিনাজপুর দিয়ে ঢাকার বাইরে জনসভা শুরু করলেন খালেদা জিয়া। এরপর তিনি ২৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ৬ অক্টোবর হবিগঞ্জ ও ৯ অক্টোবর বরিশালে জনসভা করবেন। ১৮ দলীয় জোটের উদ্যোগে দিনাজপুরের গোরা শহীদ ময়দানে জনসভায় বক্তব্যে সরকারবিরোধী কঠোর আন্দোলনে জনগণের সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। নিজের পরিবারের বর্তমান আবাস দিনাজপুরে সর্বশেষ ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সড়ক পথে বগুড়া হয়ে দিনাজপুরে খালেদা জিয়া পৌঁছান বিকাল পৌনে ৪টায়। ৪টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছলেও নেতাদের বক্তব্য শুরু হয়ে যায় দুই ঘণ্টা আগেই। কানায় কানায় ভরা জনসভা মাঠে খালেদা জিয়া পৌঁছতেই নেতা-কর্মী-সমর্থকরা মুহুর্মূহু করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। খালেদা হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এক ঘণ্টার বক্তব্যে বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি, পদ্মা সেতু প্রকল্প, শিক্ষাঙ্গন পরিস্থিতি, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুঁজিবাজার, বিদ্যুৎখাত, সীমান্ত হত্যা নিয়ে কথা বলেন। বিরোধী নেতা বলেন, “এই সরকার জনগণকে ভয় পায়। সেজন্য তারা ফ্যাসিস্ট কায়দায় বিরোধী দলের আন্দোলন দমাতে মিথ্যা মামলা দিচ্ছে। সরকারকে বলতে চাই, আপনাদের বন্দুক-কামান-টিয়ারগ্যাসে কাজ হবে না। অবশ্যই জনগণের কাছে আত্মসমর্পণ করতে হবে।” নির্দলীয় সরকারের দাবির পক্ষে যুক্তি তুলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলছেন, নির্বাচনকালীন সময়ে ছোট মন্ত্রিসভা থাকবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ তারা কেবল অর্থ চুরি নয়, ভোট চুরি করে। “১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যার নিনিয়ান স্টেফান এসে প্রস্তাব করেছিলেন, দুই দল থেকে সমান সংখ্যক মন্ত্রী নিয়ে একটি ছোট মন্ত্রিসভার অধীনে নির্বাচন করা। কিন্তু ওই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তা মেনে নেননি। যে ফর্মুলা তিনি গ্রহণ করেননি, এখন তা জনগণ গ্রহণ করবে না।” পদ্মা সেতু প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, “মহাজোট সরকার এখন বিশ্বচোর ও মহাচোর হিসেবে স্বীকৃতি পেয়েছে। জনসাধারণকে বলছি, সরকারের লোকজনকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাদের কান ধরে উঠা-বসা করাবেন। “তারাও বুঝে গেছে, ক্ষমতা ছেড়ে দিলে জনগণ ছাড়বে না। তাই ক্ষমতায় থাকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” বর্তমান নির্বাচন কমিশন সরকারের ‘আজ্ঞাবহ’ দাবি করে খালেদা জিয়া বলেন, “তারা ভোট চুরির জন্য এখন থেকে প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে। জনপ্রশাসন ও বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে।” জনপ্রশাসনকে হুঁশিয়ারি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “আওয়ামী লীগের লোকজন দুর্নীতি করে টাকা বানিয়েছে, তারা পালিয়ে যাবে। কিন্তু আপনাদের এদেশেই থাকতে হবে। তাই কোনো দলের পক্ষে কাজ করা থেকে বিরত থাকুন। “নইলে আগামীতে আপনাদের জন্য সমস্যা হতে পারে। কারণ যারা দলের পক্ষে কাজ করছে, জনগণের ওপর নির্যাতন চালাচ্ছেন; তাদের নাম-ঠিকানা আমরা সংগ্রহ করে রাখছি।” ‘আওয়ামী লীগ মহাচোর’ দুর্নীতির জন্য বর্তমান সরকারকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে। হলমার্ক, পুঁজিবাজার, রেন্টাল পাওয়ার প্ল্যান্টসহ সর্বত্র দুর্নীতি করে তারা জনগণের অর্থ লুট করেছে। “এই সরকারের মাথায় পচন ধরেছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে ব্যস্ত হয়ে গেছে। মহাজোট সরকার মহাচোর হিসেব পরিচিতি লাভ করেছে। এই চোরদের জায়গা জেলখানায় হবে।” সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ঋণ নেয়ার জন্য আলোচিত হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের সঙ্গে সরকারের ‘উঠাবসা’ রয়েছে বলে দাবি করেন বিরোধী নেতা। ‘পদ্মা প্রকল্পে সরকারের নাকে খত’ খালেদা জিয়া বলেন, “১০ মাস আগে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে নিলে পদ্মা সেতু প্রকল্পের এই অবস্থা হত না। সরকার এখন নাকে খত দিয়ে কান ধরে উঠা-বসা করে শর্ত মেনে নিয়েছে। বিশ্ব ব্যাংকে এই সরকারকে বিশ্বচোর বলেছে বলে তারা অর্থায়ন বাতিল করেছিল। “বিশ্ব ব্যাংক সেতু প্রকল্পে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও সরকার প্রথমে তা করেনি; বরং প্রধানমন্ত্রী বললেন, নিজেদের অর্থায়নে সেতু করবেন, এরপর চাঁদা তুলে করবেন, এমনকি শিশুদের টিফিনের টাকা দিয়ে সেতু নির্মাণ করবেন। এই সরকার চাঁদাবাজ সরকার, তারা চাঁদা তুলবেই।” নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের অতীত তুলে ধরে খালেদা জিয়া বলেন, “মইনুদ্দিন-ফখরুদ্দীন অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ১৭ বছরের কারাদণ্ হয়েছিল। নির্বাচনে অনিয়মের জন্য উচ্চ আদালত তার সংসদ সদস্যপদ বাতিল করেছে। এখন তিনি একটি রিট করে সদস্যপদ টিকিয়ে রেখেছেন।” মুহাম্মদ ইউনুস প্রসঙ্গ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের অপসারণে ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, “অধ্যাপক ইউনূস বাংলাদেশে গর্ব। তিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এখন নোবেল পুরস্কারের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। “নোবেল কমিটির কাছে লেখা উচিৎ, দুর্নীতির জন্য নোবেল পুরস্কার দেয়া যায় কি না? তাহলে আওয়ামী লীগ নেত্রীকে দুর্নীতির জন্য নোবেল দেয়া যেতে পারে।” ‘আ. লীগের সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক’ বিএনপির জোটসঙ্গীদের দিকে ইঙ্গিত করে জঙ্গি সংশ্লিষ্টতার যে অভিযোগ সরকারি দলের নেতারা করে আসছেন, তার জবাবে খালেদা জিয়া দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে। “বড় জঙ্গি শায়খ আবদুর রহমান আওয়ামী লীগের মির্জা আজমের বোনের জমাই ছিলেন। ওই জঙ্গিকে আমরাই গ্রেপ্তার করেছি। তাদের সময়ে রমনা বটমূল, যশোরের উদীচী, পল্টনে সিপিবি, গোপালগঞ্জে জঙ্গিরা বোমাবাজি হয়েছে। জঙ্গিদের সঙ্গে আওয়ামী লীগেরই সম্পর্ক রয়েছে, বিএনপির নয়।” জনসভায় বক্তারা দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টুর সভাপতিত্বে জনসভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ফজলুল রহমান পটল, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, আসাদুল হাবিব দুলু, ফজলুল হক মিলন, হারুন অর রশীদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মুকুর চৌধুরী, আক্তারুজ্জামান মিয়া প্রমুখ। ১৮ দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মকবুল আহম্মেদ, মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, এলডিপির অলি আহমদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, জাগপার শফিউল আলম প্রধান, ন্যাপের জেবেল রহমান গানি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরানও। খালেদা জিয়া সমাবেশস্থলে আসার পর তার বড় বোন ওই এলাকার সাবেক সংসদ সদস্য প্রয়াত খুরশিদ জাহান হকের ছবি সম্বলিত অসংখ্য রঙিন বেলুন আকাশে উড়িয়ে দেয়া হয়। বক্তব্যের শুরুতে খালেদা জিয়া দিনাজপুরের উন্নয়নে তার বড় বোনের অবদানের কথা স্মরণ করেন। বাবা-মা-বোনের কবর জিয়ারত বগুড়া থেকে দিনাজপুর পৌঁছে ডাক বাংলোয় আসার আগে খালেদা জিয়া শহরের ফরিদপুর পারিবারিক গোরস্থানে তার বাবা ইস্কান্দার মির্জা, মা বেগম তৈয়বা মজুমদার এবং বড় বোন খুরশিদ জাহানের কবর জিয়ারত করেন। জনসভা শেষে খালেদা জিয়া ডাক বাংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/২০২০ ঘ.