খুলনা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় জামিন না মঞ্জুর করে খুলনা সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মওলা শানুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার শহীদুল ইসলাম লিটন হত্যা মামলায় খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকারিয়া হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালতের জিআরও এসআই মোবারক হোসেন।
২০০০ সালের ১ ফেব্র“য়ারি দুপুরে আদালতে হাজিরা শেষে লিটনসহ কয়েকজন আসামিকে হাটিয়ে পার্শ্ববর্তী খুলনা জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় ৩/৪টি মোটরসাইকেলে করে ১০/১২জন অজ্ঞাত ব্যক্তি এসে লিটনকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় ওই দিনই কনস্টেবল আব্দুল মজিদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্শকর্তা খুলনা থানার ওসি চন্দ্র ভূষন মজুমদার ২০০০ সালের ২৩ অগাস্ট শানুসহ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
এ মামলায় শানু প্রথমে উচ্চ আদালত থেকে জামিন পেরেও গত বছরের ১১ জানুয়ারি বাতিল করে উচ্চ আদালত।
গত ১২ মার্চ শানুকে হাজির হওয়ার জন্য নোটিস দেয় আদালত। রোববার শানু আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০০ ঘ.
bdnews24