২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সুবহানের জামিন আবেদন নাকচ

লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুস সুবহানের জামিন আবেদন নাকচ করেছে পাবনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

পাবনা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুস সুবহানের জামিন আবেদন নাকচ করেছে পাবনার একটি আদালত। আদালত পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, রোববার দুপুরে অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন এ আদেশ দেন। জামিন আবেদনের উপর শুনানির সময় আব্দুস সুবহানকে আদালতে হাজির করা হয়নি বলেও তিনি জানান। পাবনা সদর থানার দুটি গ্রামে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে জামায়েতের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুস সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২০০৩ সালে পাবনা সদরের গোহাইনবাড়ির আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি সদর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের এই কেন্দ্রীয় নেতাকে ৩০ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ রোববার এই আদেশ দেয়। এদিকে সুবহানের মুক্তির দাবিতে পাবনায় স্থানীয় জামায়াত রোববার আধাবেলা হরতাল ডেকেছে। পাবনা সদর থানার ওসি আফজাল হোসেন বলেন, হরতালের সময় যানবাহন না চললেও দোকানপাট আংশিক খোলা ছিল। এছাড়া কোথাও কোনো মিছিল বা পিকেটিং হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫১৫ ঘ.