২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হরতালের আগে ধরপাকড়

সংঘর্ষের তিন মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানালেও লোকমান সমর্থকদের দাবি, পরিকল্পিতভাবে এই গ্রেপ্তার অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত মেয়র লোকমান হোসেন সমর্থকদের ডাকা রবি ও সোমবারের হরতালের আগে পুলিশ ধরপাকড় চালাচ্ছে নরসিংদীতে। শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সফরকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে নিহত আওয়ামী লীগ নেতার সমর্থকদের ব্যাপক সংঘর্ষের পর দুদিন হরতালের ঘোষণা দেয় লোকমান সংগ্রাম পরিষদ। ওই সংঘর্ষের ঘটনায় তিনটি মামলায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানালেও লোকমান সমর্থকদের দাবি, পুলিশ পরিকল্পিতভাবে এই গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। সদর থানার ওসি মো. আসাদুজ্জামান শনিবার সাংবাদিকদের জানান, ঢাকা সিলেট মহাসড়কে বাসে অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও মন্ত্রীর জনসভা বানচালের চেষ্টার অভিযোগে তিনটি মামলা হয়েছে। “শনিবার দুপুর পর্যন্ত ৩৬ জনকে এ সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি। শুক্রবারের সংঘর্ষে আহত নরসিংদী পৌরসভার বর্তমান মেয়র ও লোকমানের ছোট ভাই কামরুজ্জামান কামরুল রবি ও সোমবারের হরতালে সমর্থন জানিয়ে বলেন, “আমার ভাই জনবন্ধু লোকমান হোসেনকে যারা হত্যা করেছে, তাদের প্ররোচনায় পুলিশ আমার ওপর হামলা চালিয়েছে।” শুক্রবারের সংঘর্ষে আহত কামরুজ্জামান বর্তমানে নরসিংদী ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন। গত বছর মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান। তার পরিবারের অভিযোগ, এই হত্যার পরিকল্পনায় স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর পরিবার জড়িত। লোকমান হত্যাকাণ্ডে কামরুজ্জামানের দায়ের করা মামলায় রাজুর ভাইকে আসামি করা হলেও পুলিশ তাকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে লোকমান পরিবারে। এর মধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর মন্ত্রী রাজু নরসিংদী সফরের পরিকল্পনা করলে নতুন করে বিক্ষোভের সূত্রপাত ঘটে। জেলা প্রশাসক ওবায়দুল আজম জানান, মন্ত্রী সোমবার সকালে প্রথমে নরসিংদী জেলা আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন করে এক জনসভায় বক্তৃতা করবেন। এরপর সার্কিট হাউসে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে শুক্রবার সংঘর্ষের সময় পাঁচ সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে পথসভা করেছে স্থানীয় সাংবাদিকরা। এতে বক্তারা নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিনসহ ঘটনায় জড়িতদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৫৪০ ঘ.