শেরপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের একটি মামলায় শেরপুর জেলা জামায়াত সেক্রেটারি মো. আব্দুল বাতেনকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করেছে।
যুদ্ধাপরাধীদের বিচার বানচালসহ নাশকতামূলক কর্মকাণ্ডের গোপন বৈঠক করার অভিযোগে পুলিশ ২০০৯ সালে সন্ত্রাস দমন আইনে এ মামলা করে। ওই মামলায় মো. আব্দুল বাতেন আসামি।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন করেন।
আদালত রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়েছে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন সিকদার বলেন, দুপুরে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধিদের বিচার বানচালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনাকালে গত ৬ ফেব্র“য়ারি পুলিশ জেলা ছাত্র শিবিরের সাবেক সম্পাদাকসহ তিনজনকে গ্রেপ্তার করে।
শহরের গৌরীপুর এলাকায় শিবির পরিচালিত ‘মাসুম ভিলা’ নামের একটি মেসে ওই অভিযানকালে কয়েকবস্তা জেহাদী বই, প্রচারপত্র, একবস্তা ভিডিও সিডি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
ওই সময় গ্রেপ্তার হন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সম্পাদক জাহিদ আনোয়ার (২২), সাথী সদস্য আমিনুর রসূল (১৯) ও শরিফুল ইসলাম (২০)।
ওই সময় আব্দুল বাতেন পালিয়ে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24