ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তার বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনা করা বা প্রত্যাখ্যান করার প্রশ্ন আসে না। এটা অবান্তর বিষয়। দেশের প্রত্যেক নাগরিক সর্বোচ্চ আদালতের রায় মানতে বাধ্য।
“আজকে তিনি (খালেদা জিয়া) যে কথা বলেছেন, তার মাধ্যমে তিনি বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রায়ে আপত্তি থাকলে তিনি রিভিউ করতে পারেন। তা না করে তার দেওয়া বক্তব্যে রায়ের প্রতি অসম্মান জানানো হয়েছে। এটা রাষ্ট্রদ্রোহের শামিল।”
এর আগে বিকালে রায়ের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা বলেন, সাবেক প্রধান বিচারপতির ওই রায় নৈতিকতাবিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ কখনোই তা গ্রহণ করবে না, এই রায়ের ভিত্তিতে আয়োজিত কোনো নির্বাচনেও তারা অংশ নেবে না।
ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে গত বছর রায় দেয় তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের এক বছরের বেশি সময় পর গত ১৬ সেপ্টেম্বর ৩৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
সংক্ষিপ্ত রায়ে আরো দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা থাকলেও বিস্তারিত রায়ে নেই- এমন প্রশ্নের জবাবে কামরুল বলেন, “সংক্ষিপ্ত রায়ে মূল চেতনা ছিল, নির্বাচিত সরকারের বিকল্প কোন অনির্বাচিত সরকার হতে পারে না। এটাই বিস্তারিত রায়ে প্রতিফলিত হয়েছে।”
সাবেক প্রধান বিচারপতির এবিএম খায়রুল হক অবসরে যাওয়ার দীর্ঘদিন পরে রায়ে স্বাক্ষর করা প্রসঙ্গে তিনি বলেন, “স্বাক্ষরের বিষয়ে আইনের কোন ব্যত্যয় ঘটেনি।”
আইন প্রণয়ন সম্পর্কিত প্রশিক্ষণ সিরিজের আওতায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ১৭টি মন্ত্রণালয়ের প্রায় ৪০ কর্মকর্তা অংশ নিয়েছেন।
সরকারি কর্মকর্তাদের আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯১০ ঘ.
bdnews24