ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ (লালমোহন-তজিমুদ্দিন) নির্বাচনী আসনে ক্ষমতাসীন দলের সাংসদের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ।
বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভোলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। গ্রামের নারীরাও এ থেকে রেহাই পাচ্ছেন না। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানালে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেছে।”
লালমোহন উপজেলায় গত ১০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থানীয় সাংসদ নরুন্নবী শাওনের ‘সন্ত্রাসীদের হামলায়’ গুরুতর আহতদের একটি তালিকাও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন হাফিজ। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
২০১০ সালে এই আসনে উপনির্বাচনে শাওনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হাফিজ উদ্দিন।
সাবেক এই সাংসদের অভিযোগ, আওয়ামী লীগ ‘সন্ত্রাস করে’ ওই নির্বাচনে বিজয়ী হয়েছিল।
হাফিজ বলেন, শাওনের নেতৃত্বে সন্ত্রাসীরা গত ৬ মাস ধরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
“গত এক মাসে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে কয়েকশ নেতা-কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন। রামদার কোপে অনেকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, ভোলা জেলা সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক ফারুক মিয়া সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬১৫ ঘ.
bdnews24