ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি জনসভার কারণে ১৮ দলীয় জোটের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের তারিখে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি বলেন, খালেদা জিয়া আগামী ২৩ সেপ্টেম্বর দিনাজপুরে এক জনসভায় বক্তব্য দেবেন। এ জন্য দিনাজপুর ও তার আশপাশের জেলাগুলোতে প্রস্তুতির বিষয় রয়েছে।
“তাই ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত ২৩ সেপ্টেম্বরের মহানগর-জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের বদলে কর্মসূচিটি পরদিন ২৪ সেপ্টেম্বর পালন করা হবে।”
সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ নিখোঁজ নেতাদের সন্ধান দাবি এবং গুম ও নির্যাতনের প্রতিবাদে আগেই এ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
রিজভী জানান, ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় ঢাকায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/আরএ/১৪০৭ ঘ.
bdnews24