২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি সমর্থন করেছেন প্রধানমন্ত্রী, দাবি ফখরুলের

মহিউদ্দীন খান আলমগীর ও মোস্তফা ফারুক মোহাম্মদকে মন্ত্রিত্ব দেয়ার সমালোচনা করে এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিউদ্দীন খান আলমগীর ও মোস্তফা ফারুক মোহাম্মদকে মন্ত্রিত্ব দেয়ার সমালোচনা করে বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে দুর্নীতিকে সমর্থন করা হয়েছে। শনিবার বিকালে এক ছাত্র সমাবেশে তিনি এ অভিযোগ করেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “নির্বাচনী সমস্যার কারণে উচ্চ আদালত মহীউদ্দিন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল করে দিয়েছে। আরেকজন মন্ত্রী হচ্ছেন- বিশ্ব ব্যাংকের চিঠিতে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত যাদের কথা বলা হয়েছে, সেই ‘সাকোর’ ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা ফারুক মোহাম্মদ। এই দুই জনকে মন্ত্রী করে প্রধানমন্ত্রী প্রাকাশ্যে দুর্নীতিকে সমর্থন দিয়েছেন।” অবশ্য বিশ্ব ব্যাংকের যে চিঠিতে সাকোর ব্যবস্থাপনা পরিচালকের নাম রয়েছে বলে বিএনপি মুখপাত্র দাবি করেছেন তা এখনো প্রকাশ করা হয়নি। ‘সাকো’ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান। শনিবার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের পাশাপাশি পুরনো কয়েকজন মন্ত্রীর দপ্তর রদবদল হয়। নতুন মন্ত্রীদের মধ্যে হাসানুল হক ইনু তথ্য, মুজিবুল হক রেলপথ, এ এইচ মাহমুদ আলী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মোস্তফা ফারুক মোহাম্মদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ওমর ফারুক চৌধুরী শিল্প এবং আব্দুল হাই পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে এই ছাত্র সমাবেশ হয়। নতুন কমিটির এটি প্রথম কর্মসূচি। গত ৩ সেপ্টেম্বর ছাত্র দলের নতুন সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের নেতৃত্বে ১৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মন্ত্রিত্ব না নেয়ায় তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননকে অভিনন্দন জানিয়ে ফখরুল বলেন, “এই দুই অভিজ্ঞ রাজনীতিবিদ মন্ত্রিসভায় যোগ না দিয়ে বেঁচে গেছে। তারা বুঝতে পেরেছেন, ডুবন্ত নৌকা। তাই তাতে উঠেননি।” সংগঠনের সভাপতি জুয়েলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১০৪ ঘ.