ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় শনিবার গোবরাকুড়া-কড়ইতলি স্থলবন্দর উদ্বোধন করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
এ উপলক্ষে গোবরাকুড়া স্থলবন্দর চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, গোবরাকুড়া-কড়ইতলি আমদানি-রপ্তানিকারক সমিতির মহাসচিব ও হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান আলী আজগর, সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির প্রমুখ।
এর আগে মন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠান স্থল থেকে আড়াই কিলোমিটার দূরে কড়ইতলী বন্দর ঘুরে দেখেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান এই বন্দরের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, দেশের ১৭টি স্থলবন্দরের মধ্যে বর্তমান সরকারের আমলে নতুন চালু হয়েছে পাঁচটি।
তিনি হালুয়াঘাট স্থলবন্দরে বর্ডারহাট, অভিবাসন ও গরুর হাট চালুর ব্যাপারেও সহযোগিতার আশ্বাস দেন।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, ৫৩টি নদীপথের সাড়ে তিন হাজার কিলোমিটার নৌ-পথ খনন করার জন্য তিনটি অত্যাধুনিক ড্রেজার কেনা হয়েছে। আরো ১৭টি ড্রেজার কেনা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বেসরকারি উদ্যোগে সংগ্রহ করা হচ্ছে ৫০টি ড্রেজার।
হালুয়াঘাট সীমান্তের গোবরাকুড়া ও কড়ইতলী স্থল ও শুল্ক বন্দর দিয়ে শুধুমাত্র ভারত থেকে কয়লা আমদানি করা হতো। পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের।
এ বন্দরের জন্য ইতোমধ্যে সাড়ে ২৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24