মাগুরা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা।
শনিবার ইছাখাদায় এ হামলায় নিহত বাচ্চু ওরফে পাচু শেখ (৪৫) মাগুরা পৌর কৃষক লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে।
পাচু শেখের লাশ উদ্ধারের পর এলাকাবাসী গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, দুপুরে খবর পেয়ে ইছাখাদা বোর্ড অফিসের পেছন থেকে পাচুর লাশ উদ্ধার করা হয়। এসময় এলাকাবাসী শরিফুল নামে এক যুবককে আটক করে পুলিশে কাছে সোপর্দ করে।
এছাড়া ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক শরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পাচু শেখের স্ত্রী শেফালী বেগম ও বোন নবিরন বেগম অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এলাকার বিএনপি নেতা মোলামের সঙ্গে পাচুর বিরোধ ছিল। এর জেরে সকালে মোলামের লোকজন পাচুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।
অভিযুক্ত মোলাম ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য।
লাশ উদ্ধারের পর এলাকাবাসী নিজনান্দুয়ালীর বিএনপি নেতা মোলাম শেখের বাড়িসহ অন্তত পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। পরে দমকলকর্মী ও পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে, বলেন এসআই সাখাওয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24