২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদে তথ্যসংগ্রহ ডিসিসি’র ৮৪ ওয়ার্ডে

ঢাকা মহানগরীর ৮৪টি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে শনিবার। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কাজ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর ৮৪টি ওয়ার্ডে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে শনিবার। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কাজ চলবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ ভালোভাবে শুরু হয়েছে। ছুটির দিন থাকায় শনিবার তথ্য সংগ্রহকারীরা বেশ সাড়া পেয়েছেন। ছোটোখাটো কিছু সমস্য থাকলেও সবার সহযোগিতা চেয়ে ইতোমধ্যে ধর্মীয় উপাসনালয় ও প্রতিটি এলাকায় মাইকে প্রচারণাও চলছে বলে জানান তারা। ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ ধাপে ঢাকা সিটি করপোরেশনের আটটি ওয়ার্ডে (উত্তরা ও সবুজবাগ থানায়) কাজ শুরু হয়েছে গত ৪ সেপ্টেম্বর থেকে। শনিবার বাকি নির্বাচন অফিসভিত্তিক ১৩ থানার (গুলশান, ধানমন্ডি, ডেমরা, মতিঝল, ক্যান্টনমেন্ট, মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, কোতোয়ালী, সূত্রাপুর, তেজগাঁও, রমনা ও পল্লবী) ৮৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। তিনি বলেন, “আমরা মাঠ পর্যায়ে খোঁজ রাখছি। ভালোভাবে কাজ চলছে। প্রচারণার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিশাল কাজ সম্পন্নের জন্য তথ্য সংগ্রহকারীদের সহায়তা করতে সবার সহযোগিতা চাচ্ছি আমরা।” মিরপুর থানা নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ থানার ন’টি ওয়ার্ডে ৩৮৬ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করছেন। তিনি বলেন, স্কুল শিক্ষকরা তথ্য সংগ্রহের কাজে নিয়োগ পাওয়ায় প্রথমদিন কিছু শিক্ষকের মাঠে যেতে অসুবিধা হয়েছে। পুরুষ তথ্য সংগ্রহকারীরা রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বাড়ি বাড়ি যেতে পারলেও মহিলা শিক্ষকদের সন্ধ্যা ৭-৮ টার মধ্যে তা শেষ করতে হয়। “প্রথম দিন বেশ সাড়া পেয়েছি আমরা। কাল থেকে ব্যাপক প্রচারণা চলবে সংশ্লিষ্ট এলাকা ও ধর্মী উপাসনালয়ে। কোথাও কোথাও তথ্য সংগ্রহকারীদের ভোটারদের বাড়িতে প্রবেশে অসুবিধা হলেও আগামীতে তা হবে না আশা করছি।” মোহাম্মদপুর থানাধীন সাতটি ওয়ার্ডে তথ্যসংগ্রহকারীরা সকাল থেকেই এলাকায় রয়েছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা মাহবুবা আখতার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতটা সম্ভব সবার তথ্য সংগ্রহের চেষ্টা চলবে। এরপরও কারো তথ্য সংগ্রহ বাকি থাকলে তারা নিবন্ধন কেন্দ্রে এসেও তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।” হালনাগাদের সময় নাম সংশোধন, ঠিকানা পরিবর্তনের পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। ডিসিসি’র ৯২টি ওয়ার্ডের সমন্বয়ে ১৫টি নির্বাচনী থানায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪৮ লাখ ৭১ হাজার ২৮৬। তালিকা হালনাগাদে ৩,৩১৯ জন তথ্য সংগ্রহকারী ও ৬৬৮ জন সুপারভাইজার নিযুক্ত করছে ইসি। তথ্য সংগ্রহের পর আগামী মাসে ছবি তোলার কার্যক্রম শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮২৭ ঘ.