২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নতুন সমীকরণ’ দেখছেন সুরঞ্জিত

তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মন্ত্রী না হওয়া ‘বিচিত্র রাজনীতির নতুন অবস্থায় নতুন সমীকরণ’ মনে করছেন বর্ষীয়ান এই রাজনীতিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাব পাওয়ার পরও তোফায়েল আহমেদ ও রাশেদ খান মেননের মন্ত্রিসভায় যোগ না দেওয়াকে ‘নতুন রাজনীতির নতুন সমীকরণের পূর্বাভাস’ বলে মনে করছেন বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি শনিবার এক আলোচনা সভায় বলেন, “আলেকজান্ডার (গ্রিক অধিপতি) উপমহাদেশে এসে বলেছিলেন- ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ’। আমি সত্যি সেলুকাস বলব না, বলব- সত্যি বাংলা, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত বিচিত্র।” “এটি বিচিত্র রাজনীতির নতুন অবস্থায় নতুন সমীকরণ, আমি মনে করি। এটি নতুন রাজনীতির নতুন সমীকরণের পূর্বাভাস মাত্র,” বলেন তিনি। কী সেই সমীকরণ- সেই ব্যাখ্যা না দিয়েই পরক্ষণে তিনি বলেন, “তবে এতে শঙ্কিত হওয়ার কিছু নেই। “সাংবিধানিক উপায়ে এবং গণতান্ত্রিকভাবে এর সফল সমাপ্তি ঘটবে।” তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানের মধ্যে যখন অনেকে ‘তৃতীয় শক্তির’ উত্থানের কথা বলছেন, তখনই এই মন্তব্য করলেন সুরঞ্জিত। সেনা মদদপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার আমলে সংস্কারের দাবি তুলে তোফায়েলের মতো সুরঞ্জিতও দলে কোনঠাসা হয়ে পড়েছিলেন। শেখ হাসিনার সরকারে শুরুতে ঠাঁই না হওয়ার পাশাপাশি দলের নীতিনির্ধারণী পদও হারান তারা। সরকারের তৃতীয় বছরে এসে সুরঞ্জিত মন্ত্রিসভায় ডাক পান। তবে ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে এখন দপ্তরবিহীন মন্ত্রী তিনি। সুরঞ্জিত মন্ত্রী হওয়ার ১০ মাসের মাথায় মন্ত্রী হওয়ার ডাক পান তোফায়েল। তবে ‘প্রস্তুত নন’ জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে মেননের মন্ত্রী না হওয়ার সিদ্ধান্ত দলীয়। মহাজোটে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপেক্ষার অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠ তোফায়েল ও মেননের মন্ত্রী না হওয়ার বিষয়ে সুরঞ্জিত বলেন, “তারা কেন যোগ দেননি, সে বিষয়ে কিছু বলব না। সেটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত।” “তবে তারা মন্ত্রিসভায় যোগ না দেয়ায় সা¤প্রতিক রাজনীতি রোমাঞ্চিত হয়ে উঠেছে। গণমাধ্যম উত্তপ্ত হয়ে উঠছে,” মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যদের। সুরঞ্জিত জাতীয় প্রেসক্লাবে ঢাকা জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। হুমায়ন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দীন বাদল, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দীন মিয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫০৫ ঘ.