ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনকে সামনে রেখে কথিত প্রতারকচক্র থেকে দলের নেতা-কর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি গোয়েন্দা চক্র বিএনপিকে বিতর্কিত করতে প্রতারকচক্রদের মাঠে নামিয়েছে।
“একটি চক্র দলের সম্ভাব্য প্রার্থীদের কাছে গিয়ে শীর্ষ নেতাদের নাম ভাঙিয়ে তথ্য সংগ্রহের নামে প্রতারণা করেছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে।”
এ ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে রিজভী আরো বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই- সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য বিএনপি কেনো প্রতিষ্ঠান বা গোষ্ঠী বা টিমকে দায়িত্ব দেয়নি। দলের কথা বলে যে বা যারা এরকম করছে, তারা একটি প্রতারকচক্র।’’
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, জনৈক আবুল বাশার আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহের কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তা দলের দৃষ্টি আকর্ষণ করেছে।
আবুল বাশারকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাও দায়ের করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৭ ঘ.
bdnews24