জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছরেরও বেশি সময় পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাহমুদুর রহমান জনিকে সভাপতি ও রাজিব আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের এই নতুন কমিটি অনুমোদন করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
নতুন কমিটিতে ১০ জনকে সহসভাপতি, চার জনকে যুগ্ম-সম্পাদক, পাঁচজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এই কমিটি পরে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন সভাপতি মাহমুদুর রহমান জনি।
পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী জনি আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র। রাজিব দর্শন বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র এবং শহীদ সালাম বরকত হলর ছাত্রলীগ নেতা।
সর্বশেষ ২০১০ সালের ১৯ মে রাশেদুল ইসলাম শাফিনকে সভাপতি ও নির্ঝর আলম সাম্যকে সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
একই বছর ৫ জুলাই আল বেরুনী হলে ছাত্রলীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম স্থগিত এবং ১৭ নেতাকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগের এই দ্বন্দ্বের জের ধরে ২০১২ সালের ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হন। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শরীফ এনামুল কবির।
জুবায়ের হত্যার পেছনে ‘ভিসিপন্থী’ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত অভিযোগ করে ভিসির পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের জেরে উপাচার্য শরীফ এনামুল কবিরকে বিদায় নিতে হয়। গত ১৭ মে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসাবে দায়িত্ব নেন ড. আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে স্থান পাওয়া চার যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাসেল মাহমুদ, রাশেদুল হাসান, মিথুন কুণ্ডু ও মোস্তাফিজুর রহমান।
আর মহিবুল্লাহ, তিলন এনড্রুস, ফয়সাল হোসেন দীপু, রাইয়ান আল বেফয়ী অন্দ্রি, শাহানা রহমান নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
এছাড়া শহিদুল ইসলাম সাঈফকে দপ্তর সম্পাদক, রুবেল বিশ্বাসকে প্রচার সম্পাদক, মামুনকে শিক্ষা ও পাঠচক্র সম্পাদক এবং সুব্রত কুমার দেকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১২০৩ ঘ.
bdnews24