ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের মেয়াদ ফুরোনোর এক বছর আগে মন্ত্রী হিসেবে শপথ নেয়া হাসানুল হক ইনু মনে করেন, সময় কম হলেও এর মধ্যেই অনেক কাজ করা সম্ভব।
মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর নিজের ফেইসবুক স্ট্যাটাসে একথা লিখেছেন তিনি। এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ইনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শপথ নেওয়ার পর নিজের অনভূতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তুলে ধরেছেন তিনি।
শেখ হাসিনার সরকারের চতুর্থ দফা সম্প্রসারণে বৃহস্পতিবার মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জাসদ সভাপতি ইনুসহ সাতজন।
ইনু লিখেছেন, “সময় বেশি বড় কথা নয়। মাত্র ৯ মাসে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব হলে ১২-১৪ মাস সময়েও দেশের জন্য অনেক কাজ করা সম্ভব। আমি দেশবাসীর দোয়া কামনা করছি।”
এই প্রথম মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাওয়া ইনু দায়িত্বটিকে চ্যালেঞ্জ বলে মনে করছেন।
“আমাদের দল জাসদের নীতি-আদর্শগত অবস্থান থেকেই সরকার পরিচালনায় নীতি-নির্ধারণে ভূমিকা রাখার চেষ্টা করব। কোন দায়িত্ব দেয়া হবে, সেটা বড় কথা নয়। যেই প্রশাসনিক দায়িত্বই প্রধানমন্ত্রী দিন না কেন, তা পালন করার চেষ্টা করব,” বলেন মহাজোটের এই নেতা।
জাসদের বন্ধুপ্রতীম দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও মন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ জানানো হয়। তবে সরকারে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কার্স পার্টি।
মন্ত্রিসভায় যোগদানে দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ইনু বলেন, “যে রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য ১৪ দল ও মহাজোট গঠিত হয়েছিল, সে দায়িত্ব পালন এখনো শেষ হয়নি।
“সেই নীতি-আদর্শগত অবস্থান থেকেই ধারাবাহিকতার অংশ হিসেবে রাজনৈতিক কারণেই রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআই/এমআই/২৩১৮ ঘ.
bdnews24