ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি হত্যায় অ্যাডলফ হিটলারের যে ভূমিকা ছিল, একাত্তরে বাংলাদেশে গোলাম আযমও সেই ভূমিকায় ছিলেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বলেছেন সুলতানা কামাল।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গোলাম আযমের কৌঁসুলির জেরার এক পর্যায়ে এই তুলনা করেন মানবাধিকার আন্দোলনের ওই সংগঠক।
জামায়াতের সাবেক আমিরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সুলতানা কামালের কাছে প্রশ্ন রাখা হয়েছিল- গোলাম আযম যুদ্ধের সময় রাজাকার, আলবদর ও আলশামসের মতো পাক সেনাদের সহযোগী বাহিনীগুলোর নেতৃত্ব দিয়েছিলেন কি না।
একাত্তরে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় কাজ করা সুলতানা কামাল তখন বলেন, জার্মান হলোকাস্টে নেতৃত্ব দেয়া চ্যান্সেলর হিটলারের মতোই গোলাম আযম ওই বাহিনীগুলোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। হিটলার আনুষ্ঠানিকভাবে নাৎসী পার্টির নেতা ছিলেন না।
“গোলাম আযম হয়ত পুরোভাগে ছিলেন না। কিন্তু শান্তি কমিটি ও রাজাকার বাহিনী সংগঠিত করতে ও জোরদার করতে তিনি নিজে দায়িত্ব নিয়েছিলেন। গোলাম আযম ছিলেন ওই বাহিনীগুলোর প্রকাশ্য মুখ।
আল বদর বাহিনীর নেতৃত্ব দেয়া মতিউর রহমান নিজামী দলের মধ্যে গোলাম আযমের অধস্তন ছিলেন, এই তথ্যও তুলে ধরেন সুলতানা কামাল।
“তা না হলে কীভাবে গোলাম আযম ১৯৭১ সালে ১ ডিসেম্বর পাকিস্তানে গিয়ে বললেন যে মুক্তিবাহিনীকে নির্মূল করতে রাজকাররাই যথেষ্ট? ওই সমস্ত বাহিনীর ওপর অবশ্যই তার শক্ত নিয়ন্ত্রণ ছিল,” বলেন তিনি।
আসামি পক্ষের কৌঁসুলি মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরী প্রায় পুরো দিন সুলতানা কামালকে জেরা করেন। তিনি সাক্ষীর দীর্ঘ উত্তর নিয়ে আপত্তি তোলেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক সুলতানা কামালের উত্তরের সারাংশ রেকর্ড করার পর তিনি কফিল উদ্দিনকে এমন কোনো প্রশ্ন না করতে বলেন, যা সাক্ষীকে একটা মতামত দেওয়ার দিকে ঠেলে দেয় এবং তার ফলে তার কাজ আরো কঠিন হয়ে যায়।
জামায়াত নেতার কৌঁসুলি মিজানুল ইসলামও আপত্তি দেখিয়ে বলেন, উত্তরগুলো অনেক দীর্ঘ হচ্ছে এবং এতে সময়মতো আসামি পক্ষের জেরা শেষ করা কঠিন হবে।
কফিল উদ্দিন বলেন, একাত্তরে গোলাম আযম সেরকম কোনো কর্তৃত্বের অবস্থানে ছিলেন না।
গোলাম আযমকে হিটলারের সঙ্গে তুলনা করে সুলতানা কামাল ইতিহাস বিকৃত করছেন বলে দাবি করেন মিজানুল ইসলাম।
তিনি বলেন, সব বই ও ইতিহাসের দলিলে হিটলারের সঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বা পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খানের সঙ্গে তুলনা করা হয়েছে।
তখন সাক্ষী উত্তর দেন, “তার পরে আমি তাদের সঙ্গে গোলাম আযমকে যুক্ত করেছি।”
“এবং আজ থেকেই তা যুক্ত করছেন?” মিজানুলের এ প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, “আগে বিষয়টি আসেনি বলেই আমি আজ তা উল্লেখ করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২১০৬ ঘ.
bdnews24