২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযমের নির্দেশেই বুদ্ধিজীবী হত্যা’

একাত্তরে জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযমের নির্দেশেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযমের নির্দেশেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বুধবার আসামিপক্ষের আইনজীবীরা প্রসিকিউশনের এ সাক্ষীর কাছে জানতে চান- গোলাম আযম কখন ও কোথায় বুদ্ধিজীবীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। জবাবে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “জামায়াতের প্রধান হিসেবে তিনি (আযম) অবশ্যই নির্দেশ দাতাদের একজন ছিলেন।” একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যার ষড়যন্ত্র, উস্কানি, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনার জন্য গত ১৩ এপ্রিল গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রয়াত কবি ও সমাজসেবী সুফিয়া কামালের মেয়ে সুলাতানা কামাল গত রবি ও সোমবার এ মামলায় সাক্ষ্য দেন। এরপর সোমবারই তার জেরা শুরু হয়। মঙ্গলবার জেরায় আসামিপক্ষের আইনজীবীদের আরেক প্রশ্নের জবাবে সুলতানা বলেন, জামায়াতের এই সাবেক আমীরের বিরুদ্ধে দালাল আইনের দুটি মামলায় অভিযোগ গঠন করা হয় এবং তার নাগরিকত্ব বাতিল করা হয়। সেটি সরকারি না রাজনৈতিক সিদ্ধান্ত ছিল- আসামিপক্ষের আইনজীবীর এমন প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, “সে সময় সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন ছিল এটি।” আগের দিন প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী সুলতানা কামাল আদালতে বলেন, একাত্তরে রাজাকার, আল বদরের মতো যেসব বাহিনী নিরীহ বাঙালির ওপর নির্বিচারে হত্যা নির্যাতন চালিয়েছিল, জামায়াতে ইসলামীর তখনকার আমীর গোলাম আযম সেসব বাহিনীর পিছনের প্রধান ব্যক্তি ছিলেন। আর সোমবার প্রথম দিনের সাক্ষ্যে তিনি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের দিনগুলোতে গোলাম আযম ছিলেন স্বাধীনতাবিরোধীদের ‘প্রতীক’। সুলতানা কামাল জানান, সে সময় ভারতের ত্রিপুরায় যুদ্ধাহতদের চিকিৎসার জন্য চালু করা একটি হাসপাতালে সেবিকার দায়িত্ব পালন করতেন তিনি। সেই দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হতো। গেরিলা যোদ্ধারা ‘অপারেশন’ থেকে ফেরার পর তাদের কাছে দেশের খবর নিতেন এবং তখনকার সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে তিনি পরিস্থিতি জানতে পারতেন। মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযমকে যুদ্ধাপরাধের অভিযোগে গত ১১ জানুয়ারি কারাগারে পাঠানোর দিনই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/জেকে/১৭৩০ ঘ.