২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা ঠিক পক্ষে’

আসামি পক্ষ ও প্রসিকউশনের পাল্টাপাল্টি অভিযোগ শুনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক বলেছেন, তারা ঠিক পক্ষেই রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষ ও প্রসিকউশনের পাল্টাপাল্টি অভিযোগ শুনে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক বলেছেন, তারা ঠিক পক্ষেই রয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলাল-১ এ গোলাম আযমের মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষী সুলতানা কামালের জেরা মুলতবি করে এজলাস ছাড়ার সময় তিনি এ মন্তব্য করেন। মধ্যহ্ন বিরতির পর আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম মানবাধিকার আন্দোলনের সংগঠক সুলতানা কামালকে জেরা শুরু করেন। এ সময় প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং প্রসিকিউটর জেয়াদ আল মালুমসহ অন্য প্রসিকউটররা উপস্থিত ছিলেন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আদালতের দৈনন্দিন সময়সূচি হলেও বেলা ৩টা ২০মিনিটে হাসপাতালে যাওয়ার কথা জানিয়ে মিজানুল ইসলাম বলেন, “মাই লর্ড, আজকে থাক। কাল আবার করব।” আদালত তখন জানতে চায়, এই মামলা এগিয়ে নিতে হবে। পরে কয়দিন সময় লাগবে? “তিন কার্যদিবস হলেই হবে,” বলেন মিজানুল । বিচারক তখন বলেন, “তিন কার্যদিবস। আচ্ছা ঠিক আছে। আমরা শুনে রাখলাম। কোনো আদেশ দিলাম না।” এ সময় আদালত মুলতবি করতে সম্মতি দিলে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “ট্রাইব্যুনাল সব সময় প্রো-ডিফেন্স, প্রো-একিউজড।” জবাবে বিচারক বলেন, “কয়েকশত বার তো আপনি এ পর্যন্ত এ কথা বলেছেন। আর কত বলবেন “ এ সময় মিজানুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, “ট্রাইব্যুনাল প্রো-প্রসিকিউশন।” এ নিয়ে কয়েক মিনিট কথা বার্তা চলতে থাকে। এতে দুই পক্ষের আইনজীবীদের পাশাপাশি বিচারপতিরাও অংশ নেন। পরে এজলাস কক্ষ ত্যাগ করতে আসন ছাড়ার পূর্ব মুহূর্তে চেয়ারম্যান বলেন, “প্রসিকিউশন বলে, আমরা ডিফেন্সের পক্ষে। আর ডিফেন্স বলে, আমরা প্রসিকিউশন পক্ষে। আসলে আমরা ঠিক পক্ষে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭০০ ঘ.