ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে সমন্বয় প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের পর তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যক্রম সম্প্রসারণের প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং এ প্রকল্পে উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করে সমবায়ের মাধ্যমে বাজারজাত করার নির্দেশ দেন।
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিকভাবে ‘আত্মনির্ভরশীল’ হওয়ার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, স্বনির্ভর হতে হলে নিজেস্ব আয় বাড়াতে হবে।
অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বেসরকারীকরণ বোর্ডের চেয়ারম্যান মির্জা আব্দুল জলিল, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সমবায় বিভাগের সচিব মিহির কান্তি, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৬০২ ঘ.
bdnews24