ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপ নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীর আপিল আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুই দফায় আপিল আবেদনে শুনানির পর বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “স্বতন্ত্র দুই প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মো. বজলুল হকের আবেদন পর্যালোচনার পাশাপাশি মূল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেছি আমরা। তাদের আবেদন আলাদাভাবে শুনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রেখেছি আমরা।”
গত বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে আটজনের মধ্যে পাঁচ জনের প্রার্থীতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। মোস্তফা ও বজলুল ছাড়া অন্য তিনজন হলেন- গণফ্রন্টের মো. সারওয়ার, মীর এনায়েত ও বেগম হাফিজা জামান।
এদের মধ্যে দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে।
এ নির্বাচনে এখন প্রার্থিতা বহাল রয়েছে তিন জনের। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি, তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান ও কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুল্যাহ বাদল।
প্রার্থীতা বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, ঋণ খেলাপি ও সংযুক্ত কাগজপত্রে ত্রুটি থাকায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আওয়ামী লীগের তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে জাতীয় নির্বাচনের প্রায় দেড় বছর বাকি থাকতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচন হচ্ছে।
আগামী ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ৩০ সেপ্টেম্বর এখানে ভোটগ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৮২৮ ঘ.
bdnews24