ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের ওপর ‘হামলাকারীদের’ বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠনটি।
তা না করা হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে ছাত্রদল।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল এ দাবি জানান।
তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে। ’’
এই ছাত্রদল নেতা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদলের গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
সোমবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে তিন ছাত্রদল কর্মীকে মারধর করা হয়।
হামলার শিকার তিনজন হলেন- আব্বাস আলী, সোহাগ ও রাশেদ। আব্বাস ও সোহাগ স্যার সলিমুল্লাহ হল এবং রাশেদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র।
এই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপির ছাত্র সংগঠনটি। ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের পর এই হামলা হল।
সংবাদ সম্মেলনে জুয়েল অভিযোগ করেন, গত সাড়ে তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে ঢুকতে দেয়া হচ্ছে না।
“সোমবার প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ আমাদের কর্মীদের ওপর এই হামলা হয়েছে। কলা ভবন, প্রশাসনিক ভবন, রেজিস্ট্রার ভবনে অবস্থানকারী পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের কর্মীরা অস্ত্র হাতে এই হামলা চালায়।’’
তিনি জানান, রীতি অনুযায়ী ছাত্রদলের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সোমবার বেলা দুইটায় উপাচার্যের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের।
ওই হামলায় ছাত্রদলের অর্ধশতাধিক আহত হয়েছে দাবি করে জুয়েল বলেন, সংগঠনের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে এখনো ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে আছেন। তাদের ওপর হামলা চালানো হচ্ছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ‘দলীয় ভিসি’ অভিহিত করে বলেন, যিনি ছাত্রদের নিরাপত্তা দিতে পারেন না, নৈতিক কারণে তার পদ ছেড়ে দেওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী আবেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হীরু, সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, উত্তরের সভাপতি আবুল মনসুর খান দীপক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রওশন, দক্ষিণের সভাপতি ইসহাক সরকার, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন চলার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ মোতায়েন ছিলো। এছাড়া দুপুরের পর থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ছাত্রদলের এর আগের কেন্দ্রীয় কমিটি গঠনের পরপরই নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলার শিকার হয়েছিলেন, যাতে মাথা ফেটে যায় তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24