২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দ্বিধায় ইসি

জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসন সীমানা পুনর্র্নিধারণ কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত না করেই সংলাপে বসতে যাচ্ছে ইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

মঈনুল হক চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসন সীমানা পুনর্র্নিধারণ কোন পদ্ধতিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত না করেই সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আদম শুমারির পর আসন্ন দশম সংসদ নির্বাচনের জন্য সীমানা পুনর্র্নিধারণের বাধ্যবাধকতা রয়েছে। এই সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী, আঞ্চলিক অখণ্ডতাভিত্তিক প্রশাসনিক সুবিধা বিবেচনার পাশাপাশি জনসংখ্যার বিভাজনও বিবেচনায় রাখতে হবে। এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কোন পদ্ধতিতে সীমানা নির্ধারণ করব। এ লক্ষ্যে এ পর্যন্ত সব সীমানা নির্ধারণের যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। সংলাপে আলোচনার পর ১৯৭৬ সালের সীমানা নির্ধারণ আইন অনুসারে কর্মপদ্ধতি অনুসরণ করব।” সীমানা পুনর্র্নিধারণে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসি। সংলাপে অংশ নিতে সুশীল সমাজের শ’খানেক প্রতিনিধির কাছে পাঠানো চিঠিতে তাদের মতামত চাওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সীমানা নির্ধারণ মোটামুটি একই পদ্ধতিতে হয়। ২০০৮ সালে প্রাধান্য দেওয়া হয় জনসংখ্যার বিভাজনকে। এতে ঢাকা নগরীতে সংসদীয় আসন সংখ্যা ৮ থেকে ১৫-তে উন্নীত হয়। এবারও জনসংখ্যাকে প্রাধান্য দেওয়া হলে রাজধানীতে সংসদীয় আসন সংখ্যা হবে ২৫। সেক্ষেত্রে ৩০০ আসনের সংসদে মফস্বল এলাকায় আসন সংখ্যা কমে যাবে। ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুনর্র্নিধারণের ক্ষেত্রে আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তাব যেমন আসছে, তেমনি বর্তমান অবস্থা বহাল রাখার কথাও বলা হচ্ছে। এসব নিয়ে একক ও বহু ব্যক্তির স্বাক্ষর সম্বলিত দরখাস্তও দাখিল হচ্ছে ইসিতে। ঢাকার আসন সংখ্যা ১০ এ কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন করে ব্যাপকভিত্তিক সীমানা পুনর্র্নিধারণ করে ঝামেলায় পড়তে চায় না নতুন ইসি। গতবারের সংসদীয় আসনেই নির্বাচনের পক্ষে অধিকাংশ কর্মকর্তা মত দিয়েছে। সে ক্ষেত্রে অন্তত ১০টি জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসে ছোটখাটোভাবে পরিবর্তন করা যায় বলে মত দেওয়া হয়েছে।” এর আগে প্রতিবারই সীমানা পুনর্র্নিধারণ নিয়ে নির্বাচন কমিশনকে শত শত মামলা মোকাবেলা করতে হয়েছে। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “সব তথ্য-উপাত্ত নিয়ে কোথায় আসন ভেঙেছে, কার কী দাবি- তা বিবেচনায় রেখেই গ্রহণযোগ্য পদ্ধতিতেই নির্ধারিত সময়ে সীমানা পুনর্র্নিধারণ সম্পন্ন করতে পারব বলে আমরা আশা করছি।” তিনি জানান, দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা একটি রোডম্যাপ করেছেন। সংলাপ শেষে যত দ্রুত সম্ভব সীমানা পুনর্র্নিধারণ নিয়ে বসবেন তারা। “সবার সব দাবি পূরণ করে খুশি করতে না পারলেও কতটুকু গ্রহণযোগ্য করা যায়- সংলাপে সে মতামত পাব বলে আশা করছি,” বলেন শাহনেওয়াজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৩৫ ঘ.