২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ব্যানারে মহিউদ্দিনের বন্দর ‘রক্ষার’ সমাবেশ

‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’র বদলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ব্যানারে বন্দর ‘বাঁচানোর’ সমাবেশ করলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ’র বদলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ব্যানারে বন্দর ‘বাঁচানোর’ সমাবেশ করলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। রোববার বিকালে নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন বন্দরের শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। সভামঞ্চের ব্যনারে লেখা ছিল- ‘মহাজোট সরকারের চট্টগ্রাম উন্নয়নে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী কর’। সমাবেশে মহিউদ্দিনসহ বক্তারা বন্দর এলাকার সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রের শর্ত লঙ্ঘনের মাধ্যমে একটি সুনির্দিষ্ট কোম্পানিকে কাজ দেয়ার পাঁয়তারার অভিযোগ এনে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বন্দর ‘রক্ষা’ আন্দোলনের ডাক দেন। তবে মহিউদ্দিনের এই আন্দোলনের বিরোধিতা করেছেন শাজাহান খান এবং চট্টগ্রামের সরকারদলীয় সংসদ সদস্যরা। ওই দরপত্রের কাজ এগিয়ে নেওয়ার পক্ষেও মত দিয়েছেন তারা। এদিকে মহিউদ্দিন গত ১ সেপ্টেম্বর বন্দর রক্ষা পরিষদের ব্যানারে গোলটেবিল বৈঠক করে ৯ সেপ্টেম্বর একই ব্যানারে লালদীঘি ময়দানে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তবে সমাবেশ করলেন আওয়ামী লীগের ব্যানারে। সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “যদি কোনো প্রতিষ্ঠান একাই আটটি গ্যান্ট্রি ক্রেন চালায়, তাহলে চট্টগ্রাম বন্দর একটি প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে যাবে। এজন্য বন্দর পরিচালনার জন্য কমিটি গঠন করতে হবে। যোগ্যতার মাধ্যমে এনসিটি পরিচালনার প্রতিষ্ঠান নিয়োগ করে হবে।” ওই দরপত্রে অংশ নেওয়া সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে শুরু থেকেই আন্দোলন করে আসছেন মহিউদ্দিন। সমাবেশেও তিনি উপস্থিত নেতাকর্মীদের সাইফ পাওয়ার টেককে প্রতিহত করার জন্য হাত তুলে শপথ করান। সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন, সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহমেদ, ন্যাপ নেতা আব্দুল মোমিন ভূঁইয়া, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ প্রমুখ। ডক বন্দর শ্রমিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শ্রমিক নেতা আব্দুল আহাদ, বন্দর কর্মচারী পরিষদ সিবিএ’র সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকারও সমাবেশে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এমআই/২১৩৭ ঘ.