২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাওয়াল বদরে আলম কলেজে ‘ছাত্রলীগের’ ভাংচুর

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগ সমর্থকরা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রলীগ সমর্থকরা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষ ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু হায়দার আহমেদ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন নিয়ে ছাত্রলীগ নেতাদের বৃহস্পতিবার বৈঠকের কথা জানানো হলেও কেউ কেউ বৈঠকে যোগ দেয়নি। “ছাত্রলীগের একটি অংশের উচ্ছৃঙ্খল কর্মীরা অফিসে ভাংচুর করেছে,” বলেন তিনি। অধ্যক্ষ আরো বলেন, তারা অধ্যক্ষের কক্ষ ছাড়াও শিক্ষক মিলনায়তন এবং রসায়ন বিভাগের অফিস কক্ষের আসবাবপত্রও ভাংচুর করেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কলেজ ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনির বলেন, সর্বশেষ ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর আর হয়নি। নির্বচনের লক্ষ্যে গত ১২ জুলাই রসায়ন বিভাগে প্রধান যতীশ চন্দ্র সরকারকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের নিয়ে অধ্যক্ষ একটি বৈঠক করেন। বৈঠকে ছাত্রদল ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত থাকলেও ছাত্রলীগের একটি অংশের নেতা জেলা ছাত্রলীগ সভাপতি হীরা সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কলেজ শাখার আহ্বায়ক ইদ্রিস আলী ছিলেন না। শনিবার দুপুরে এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে তার কক্ষে নির্বাচন নিয়ে অলোচনা করার এক পর্যায়ে তারা ভাংচুর করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক ইদ্রিস আলী বলেন, বৃহস্পতিবার শুধু ছাত্রলীগের সাবেক ভিপি রিপন সরকার ও আলতাফ হোসেনকে ডেকে সভা করলেও ছাত্রলীগের অন্য নেতাদের ওই বৈঠকে ডাকেননি অধ্যক্ষ। জেলা ছাত্রলীগ সভাপতি হীরা সরকার বলেন, ভাংচুরের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.