নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার দুপুুরে উপজেলার বড় দিঘীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুর্নমিলনী উপলক্ষ্যে সকালে বড় দিঘীরপাড় রেলস্টেশন এলাকায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ।
তিনি বলেন, সমাবেশের মঞ্চে বসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আতাউর রহমান আঙ্গুর অভিযোগ করেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ জালাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের সম্মেলন নিয়ে ব্যস্ত। বিএনপির দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের কারণেই এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।”
এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৭২১ ঘ.
bdnews24