ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতা ও দুর্নীতিরভারে সরকার ‘ফুটন্ত কড়াইয়ে’ জ্বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে বলেন, “গোটা দেশকে সরকার সংকটের আবর্তে ফেলে দিয়েছে। একদিকে সাংবিধানিক সংকট অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, তারা পালাবার জন্য ব্যস্ত হয়ে ওঠেছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে ‘সরকারের উচ্চ মহলের দুর্নীতির কারণে স্বপ্নের পদ্মাসেতু থেকে বঞ্চিত দেশবাসী ও তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
নির্দলীয় সরকারের দাবি ব্যাখ্যা করে ফখরুল বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে আমরা একটি নির্বাচন চাই। এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। সরকারকে বলব, এখনো সময় আছে, অবিলম্বে নির্দলীয় সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আনুন।”
নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলে দিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদের দুঃখ প্রকাশ প্রসঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আজকের পত্রিকায় হেডিং হয়েছে- অর্থমন্ত্রী বলেছেন, আমি আজ সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। সরকারের অর্থমন্ত্রীকে সব সময় শ্রদ্ধার চোখে দেখা হয়। অথচ নিজের ব্যর্থতার কারণে আজকে অর্থমন্ত্রীকে করজোরে ক্ষমা চাইতে হচ্ছে। অর্থমন্ত্রীর ক্ষমার প্রার্থনার পরপরই নৈতিক কারণে সরকারের পদত্যাগ করা উচিৎ ছিল।”
গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে ফখরুল বলেন, কেবল মুহাম্মদ ইউনূসের ওপর জের করেই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ আইন সংশোধন করা হয়নি। দেশে অর্ধেক নারীর উন্নয়ন ঘটিয়েছে বলেই গ্রামীণ ব্যাংককে ভেঙে দেয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে সরকার।
সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার পর তদন্ত প্রতিবেদনে মিথ্যা তথ্য দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপি মুখপাত্র বলেন, “প্রকাশ্যে পুলিশ চিফ হুইপকে পিটিয়ে তার পা ভেঙে দিয়েছে। গণমাধ্যমে পুরো চিত্র তুলে ধরা হয়েছে। এরপরও তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ এমন কোনো ঘটনা খুঁজে পায়নি। পরে মামলাটি খারিজ করে দেয়া হয়েছে। আদালতের এমন অবস্থা হলে দেশের মানুষ বিচার পাবে কোথায়।”
গত সাপ্তাহে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নি¤œ আদালত বিএনপি দলীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের দায়েরকৃত মামলাটি খারিজ করে দেয়। বিরোধী দলীয় প্রধান হুইপের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলাটি দায়ের করা হয় গত বছরের ১০ জুলাই।
সংগঠনের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু‘র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯৪৪ ঘ
bdnews24