ঢাকার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোস মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত সাড়ে ৯টা থেকে ৪০ মিনিট স্থায়ী বৈঠক হয় তাদের মধ্যে।
বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মত বিনিময় হয়েছে। এসময় বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করেন যে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
সাক্ষাতকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রতিমন্ত্রী জুলকিফলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০৮ ঘ.
bdnews24