ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অনুপস্থিতিতেই মঙ্গলবার নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে।
বিকেল সোয়া ৫টায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
গত ৮ জুলাই বাজেট (ত্রয়োদশ) অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
এখন পর্যন্ত ২৯ কার্যদিবস সংসদে অনুপস্থিত রয়েছেন বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। মঙ্গলবারও তাদের যোগ দেওয়ার সম্ভাবনা যে নেই, তা বিরোধীদলীয় প্রধান হুইপের কথায় স্পষ্ট।
জয়নুল আবদিন ফারুক সোমবার এক সভায় বলেন, “সংসদকে সরকার অকার্যকর করে রেখেছে। বিরোধী দলের কোনো নোটিস গ্রহণ করা হয় না। তাই আমরা কাল (মঙ্গলবার) সংসদ অধিবেশনে যোগ দেব না।”
সংসদে যোগ দেওয়ার শর্ত হিসেবে নির্দলীয় সরকারের বিল আনাকে শর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ১৮ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশনে যোগ দেয় বিরোধী দল। অবশ্য এর আগে গত বছরের ২৪ মার্চ সংসদে যায় বিএনপি।
এ পর্যন্ত ১৩টি অধিবেশনে ৩১৭ কার্যদিবসের মধ্যে বিরোধী দল সংসদে এসেছে মাত্র ৫৫ কার্যদিবস।
বিরোধী দল না গেলে সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়া হবে না সদ্য নির্বাচিত টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য বিএনপির মাহমুদুল হাসানের। আদালতের রায়ে জয়ী হয়ে গত ৮ আগস্ট সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
বিরোধী দল অনুপস্থিত থাকলেও স্পিকার আবদুল হামিদের রুলিং নিয়ে হাই কোর্টের বক্তব্য সংসদে উত্তাপ ছড়াতে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত মিলেছে।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিনের বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা প্রশমনে স্পিকার গত জুন মাসে একটি রুলিং দিয়েছিলেন। তার বিরুদ্ধে একটি রিট আবেদন হলে হাই কোর্ট রায়ের অভিমতে বলে, ওই রুলিং ভিত্তিহীন ও আইনগতভাবে অকার্যকর।
আদালতের ওই বক্তব্যে সরকারদলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও তোফায়েল আহমেদ বিভিন্ন সভা ও আলোচনায় প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। সুরঞ্জিত বলেছেন, এ নিয়ে সংসদ অধিবেশন বসলে প্রতিক্রিয়া আসতে পারে।
বিচারপতি শামসুদ্দিনের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন সুরঞ্জিত ও তোফায়েল। তাদের পাশাপাশি সরব ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুও।
তাদের তীব্র প্রতিক্রিয়ার মুখে স্পিকার রুলিং দিয়েছিলেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত ১৭টি নোটিস জমা রয়েছে। এর মধ্যে কমিটিতে বিবেচনাধীন রয়েছে ১৬টি, উত্থাপনের অপেক্ষায় রয়েছে একটি।
সংসদের এই অধিবেশনে প্রথমবারের মতো শিশুদের জন্য গ্যালারি চালু করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১০০৪ ঘ.
bdnews24