২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাবে ‘হত্যার ষড়যন্ত্র’ পেয়েছে র‌্যাব

ড্যাব নেতা মাজহারুল ইসলাম দোলনের ‘অনুসারী’ এক চিকিৎসককে গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, এ জেড এম জাহিদ হোসেনের সমর্থক তিন চিকিৎসককে হত্যার ষড়যন্ত্র হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবে কোন্দলের জের ধরে তিন চিকিৎসককে হত্যার ষড়যন্ত্রও হচ্ছিল বলে দাবি করেছে র‌্যাব। সোমবার কামরুল হাসান নামে এক চিকিৎসককে গ্রেপ্তারের তথ্য জানিয়ে র‌্যাব বলেছে, মাজহারুল ইসলাম দোলনের ‘অনুসারী’ এই চিকিৎসক ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন সমর্থক তিন চিকিৎসককে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই বিষয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ডা. শাহাবুদ্দিন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. দোলনের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ড্যাবে খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জাহিদের একচ্ছত্র আধিপত্য খর্বে তার তৎপরতা রয়েছে বলে সংগঠনটির সদস্যরা বলে আসছেন। গত রমজানে একটি ইফতার মাহফিলে দুই পক্ষের হাতাহাতিও হয়। গ্রেপ্তার দন্ত চিকিৎসক কামরুল সোমবার র‌্যাব হেফাজতে সাংবাদিকদের বলেন, ওই ঘটনার জের ধরেই ডা. দোলন প্রতিপক্ষ জাহিদ সমর্থক তিন চিকিৎসককে হত্যার জন্য তাকে দায়িত্ব দিয়েছিলেন। রোববার রাতে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার ডা. কামরুলসহ পাঁচজনকে সোমবার দুপুরে উত্তরায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনা হয়। অন্য পাঁচজন হলেন- মিঠু ওরফে প্রশান্ত, জয়নাল, তুষার, মোহর আলী ও মোস্তফা। তাদের কাছ থেকে একটি পিস্তল, ছুরি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব মুখপাত্র এম সোহায়েল। তিনি বলেন, “ড্যাব নেতা দোলন প্রতিপক্ষকে ঘায়েল করতে অর্থোপেডিক চিকিৎসক ডা. মোফাখখারুল ইসলাম রানা, দন্ত চিকিৎসক শরিফুল ইসলাম বাহার এবং আলমগীর কবির উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে। এদের হত্যা করতে দায়িত্ব দেওয়া হয় দন্ত চিকিৎসক কামরুল হাসানকে।” “কামরুল হাসান মিরপুরের চিহ্নিত সন্ত্রাসী মিঠু ওরফে প্রশান্তের সঙ্গে যোগাযোগ করে এবং প্রথমে ডা. রানাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এজন্য গত ১১ এবং ১২ অগাস্ট রানাকে হত্যার জন্য মিরপুরের চেম্বারে হামলার চেষ্টা হলেও র‌্যাব তা ব্যর্থ করে দেয়,” বলেন সোহায়েল। তিনি বলেন, “রানাকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পর মামুন নামে অন্য সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ করেন কামরুল এবং তাকে দিয়ে ডা. উজ্জ্বলকে মিরপুরের শেওড়া পাড়ার চেম্বারে হত্যার চেষ্টা চালায়। কিন্তু র‌্যাবের তৎপরতার কারণে তাও ব্যর্থ হয়।” তবে ওই সময় কাউকে গ্রেপ্তার করা না গেলেও সন্দেহভাজনদের বাড়িতে নজরদারি চলতে থাকে বলে জানায় র‌্যাব। এম সোহায়েল দাবি করেন, গোয়েন্দা নজরদারি চালিয়ে তারা জানতে পারেন, ড্যাব নেতা দোলন ছাড়াও ডা. ইফরানও এই পরিকল্পনায় যোগ দিয়ে কামরুল হাসানকে তার ‘কাজ’ দ্রুত শেষ করার তাগাদা দেন। গ্রেপ্তার ডা. কামরুল সাংবাদিকদের বলেন, “ড্যাব নেতা দোলন এবং ইফরান তাকে বারবার হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য চাপ দিতে থাকে, সন্ত্রাসী মিঠু এবং মামুনের সঙ্গে কথা বলে তা বাস্তবায়নের জন্য অনুরোধ জানায়।” কীসের বিনিময়ে এই কাজ করতে রাজি হয়েছিলেন- সাংবাদিকরা জানতে চাইলে নিশ্চুপ ছিলেন মিঠু এবং মামুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল জানান, রমজান মাসে ড্যাবের ইফতার মাহফিলে কমিটি গঠন নিয়ে জাহিদ সমর্থকদের সঙ্গে হাতাহাতির পর দুর্বল হয়ে পড়ে দোলন সমর্থকরা। “জাহিদ গ্রুপকে উচিৎ শিক্ষা এবং নিজের গ্রুপকে ক্ষমতাবান প্রমাণ করতে এই হত্যার পরিকল্পনা করা হয়,” বলেন সাবেক ছাত্রদল নেতা ডা. কামরুল। তিনি বলেন, “ডা. দোলন আমাকে এই বলে তাগাদা দিত- ‘কাজটি তাড়াতাড়ি শেষ কর, নইলে আমাদের মান সম্মান থাকে না’।” এ বিষয়ে মাহজারুল ইসলাম দোলনের বক্তব্য শুনতে তার মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়ে র‌্যাব মুখপাত্র সোহায়েল বলেন, “প্রয়োজনে ডা. দোলনকে আইনের আওতায় আনা হবে।” সংবাদ সম্মেলনে ড্যাব নেতা ডা. রানা উপস্থিত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য র‌্যাবকে ধন্যবাদ জানান। গ্রেপ্তার পাঁচজনকে বিকালে পল্লবী থানায় হস্তান্তর করে র‌্যাব। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭৪৩ ঘ.