ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি। দলটি বলছে, নির্দলীয় সরকারের বিল উত্থাপন হবে, এমন নিশ্চয়তা পেলে তবেই ফিরবে তারা।
সংসদ অধিবেশন শুরুর আগের দিন সোমবার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক একথা জানিয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টায় নবম সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবে এক সভায় ফারুক বলেন, “সংসদকে সরকার অকার্যকর করে রেখেছে। বিরোধী দলের কোনো নোটিস গ্রহণ করা হয় না। তাই আমরা কাল (মঙ্গলবার) সংসদ অধিবেশনে যোগ দেব না।”
সংসদে যোগদানের বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, “ক্ষমতাসীন দল থেকে সংসদে নির্দলীয় সরকারের বিল উত্থাপন করার খবর আসবে, এমন নিশ্চয়তা পেলে আমরা সংসদে ফিরে যাব।”
টানা ৮৩ দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপিসহ বিরোধী দল। এর আগে গত বছরের ২৪ মার্চ বিএনপি সংসদে যোগ দিয়েছিল।
গত মার্চে সংসদে যোগ নেওয়ার কারণ ব্যাখ্যা করে বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, তারা জনগণের কথা বলতে অধিবেশনে যোগ দিয়েছিলেন। তবে ক্ষমতাসীন দল ও স্পিকারের কারণে তারা কথা বলতে পারেননি।
সংসদ কার্যকর করতে বিরোধী দলের প্রতি নাগরিক সমাজের আহ্বানের প্রতিক্রিয়ায় ফারুক বলেন, “আওয়ামী লীগ ঘরানার সুশীল ব্যক্তিরা বলতে শুরু করেছেন, বিরোধী দলের সংসদে যাওয়া উচিত। তাদের উদ্দেশ্যে বলতে চাই- যে সংসদে বিরোধী দলের একটি নোটিসও গ্রহণ করতে চায় না, সেই সংসদে আমরা গিয়ে কী করব?”
স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফারুক। এরপর তারেকের আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো ভিত্তিহীন দাবি করে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “তার জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। প্রধানমন্ত্রীর পুত্র সন্তানের দুর্নীতির সম্পর্কে কথা বলেছিলাম বলে আমার বিরুদ্ধে সারাদেশে ৪২টি মামলা করা হয়েছিল।”
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির গাজী মাজহারুল ইসলাম দোলন, আবেদ রাজা, খালেদা ইয়াসমীন, শাহ মুহাম্মদ নেসারুল হক, মিয়া আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪০২ ঘ.
bdnews24